ফসল বাঁচাতে গিয়ে হাতির হানায় প্রাণ গেল কৃষকের
মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি
তৌসিফ আহম্মেদ, নতুন পয়গাম, বাঁকুড়া: নিজের মাঠের ফসল বাঁচাতে হাতির হানায় প্রাণ গেল এক কৃষকের। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের কুড়চিডাঙ্গা এলাকায়। মৃত কৃষকের নাম রামপদ হেমব্রম। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।
বড়জোড়ার পাবয়ার জঙ্গলে প্রায় চার মাস কাটানোর পর দিন কয়েক আগে ৬৩ টি হাতির দল বিভিন্ন ভাগে ভাগ হয়ে পশ্চিম মেদিনীপুরে ফেরার পথ ধরে। গতকাল প্রায় ২৩ টি হাতির একটি দল দ্বারকেশ্বর নদ পেরিয়ে বিষ্ণুপুরের জঙ্গলে যায়। গতরাতে বিষ্ণুপুরের জঙ্গল থেকে মেদিনীপুরের জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দলটিকে। হাতির দলের মুখে জমিতে থাকা আলুর ব্যপক ক্ষতির আশঙ্কায় স্থানীয় কৃষকদের সঙ্গে ফসল বাঁচাতে সন্ধ্যের পর থেকে জমি পাহারা দিচ্ছিলেন কুড়চিডাঙ্গা গ্রামের বছর চল্লিশের বাসিন্দা রামপদ হেমব্রম। আলুর জমিতে হাতির দল নেমে পড়লে অন্যান্যদের সঙ্গে তিনিও হাতির পালকে খেদানোর চেষ্টা করছিলেন। সেই সময় সমস্ত হাতি চলে গেল পেছনে তিনটি হাতি ছিল তা বুঝতে পারেনি রামপ্রসাদ বাবু। এরপর আচমকাই ওই তিনটি হাতির মধ্যে একটি হাতির সামনে পড়ে যান তিনি। হাতিটি তাঁকে শুঁড়ে করে তুলে মাটিতে আছড়ে পায়ে করে পিষে দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে বন দফতর ও পুলিশ তাঁর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। রামপদর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ।







