ওয়েজ ফ্যামিলি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
ওয়েজ ফ্যামিলি স্কুলের সাগরদিঘী শাখার উদ্যোগে খুদে পড়ুয়াদের নিয়ে এক মনোজ্ঞ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হলো। সাগরদিঘী এস. এন. হাই স্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, নাটক ও বক্তব্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শকদের মন জয় করে নেয়।
রঙিন পোশাক, সুশৃঙ্খল পরিবেশনা ও শিশুদের সাবলীল উপস্থাপনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস. এন. হাই স্কুলের প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার মণ্ডল, শিক্ষক শচিন পাল, অভিনেতা রবিন দত্ত, সাইদুর রহমান, ইফতিকার আলম, সুমন শরীফ, অরূপ মণ্ডল-সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন ওয়েজ ফ্যামিলি স্কুলের কর্ণধার জানান, “শিক্ষার পাশাপাশি শিশুদের সাংস্কৃতিক বিকাশ ও আত্মবিশ্বাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই ধরনের অনুষ্ঠান শিশুদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও আমরা ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গীণ উন্নয়নের জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখব।”









