হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান হিসেবে শপথ নিলেন ত্রিশ বছরের পৌর সদস্য সৌমিত্র ঘোষ
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলিঃ
হুগলি-চুঁচুড়া পৌরসভার ত্রিশ নং ওয়ার্ডের একটানা ত্রিশ বছরের পৌর সদস্য এবং পূর্ত বিভাগের পৌরপ্রধান পারিষদ সদস্য সৌমিত্র ঘোষ পৌরপ্রধান হিসেবে আজ পৌরসভা প্রাঙ্গণে শপথ গ্রহণ করলেন। শপথ বাক্য পাঠ করান জেলা যুব আধিকারিক মৌলি সান্যাল। আজ ছিল শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭৩ তম জন্মতিথি উপলক্ষ্যে বিশেষ পূজোপাঠ। শপথ গ্রহণের আগে তিনি রথতলার শ্রী শ্রী রামকৃষ্ণ ভবনে যান। সেখানে পুজো দিয়ে এসেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন।
এদিন শপথ গ্রহণের আগে পৌর সদস্যদের নিয়ে বোর্ড মিটিংয়ে সৌমিত্র ঘোষ কে পৌরপ্রধান হিসেবে মনোনীত করা হয়। তারপর হুগলি শ্রীরামপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক অরিন্দম গুঁই পৌরপ্রধান হিসেবে সৌমিত্র ঘোষের নাম ঘোষণা করেন। সেই সময় সুসজ্জিত মঞ্চে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি জিলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সরকারি কৌঁসুলি সংযুক্তা গাঙ্গুলি, উপ পৌরপ্রধান পার্থ সাহা, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান তাপস মুখোপাধ্যায় সহ অন্যান্য ওয়ার্ডের পৌর সদস্যেরা। তাঁর এই ঘোষণাতে বিভিন্ন পৌর সদস্য সহ এলাকার নাগরিকরা উল্লাসের সঙ্গে তাঁকে অভিবাদন জানান।
এদিন পৌর প্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল সাজসাজ রব। পৌর কর্মচারীদের মধ্যেও একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে সাধারণ নাগরিক, পৌর শ্রমিক কর্মচারী ইউনিয়ন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে নতুন পৌরপ্রধানকে সম্মাননা জানান। পৌর প্রধান জানান, বোর্ডের মেয়াদ এই দেড় বছরের মধ্যে সকলকে নিয়ে তিনি পৌরসভার উন্নয়নের ধারা ও পরম্পরা কে মেনে সকল কাজে এগিয়ে যাবেন।








