ভাবতায় কলেজ নির্মাণে দীর্ঘ বিলম্ব ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে এসডিপিআই-এর প্রতিবাদ সভা
নতুন পয়গাম, মুর্শিদাবাদ, ১২ ডিসেম্বর:
প্রায় পনেরো বছর আগে মুর্শিদাবাদের ভাবতায় একটি সরকারি কলেজ স্থাপনের ঘোষণা এবং দু’বার শিলান্যাস হওয়ার পরও আজ পর্যন্ত কাজের লেশমাত্র শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হওয়ার এই বাস্তবতা সচেতন নাগরিকদের গভীরভাবে ব্যথিত করেছে। এ ছাড়াও ওবিসি সংরক্ষণে অনিয়ম, ওয়াকফ সম্পত্তি দখল এবং SIR-এর নামে মানুষের নানা হয়রানির প্রতিবাদে আজ ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার সামনে প্রতিবাদ সভার আয়োজন করে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)।
সভায় বক্তব্য রাখেন দলের জাতীয় সম্পাদক তায়েদুল ইসলাম, রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম, দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি আব্দুল করিম মণ্ডলসহ স্থানীয় নেতৃত্ব।
ওয়াকফ সম্পত্তি ইস্যুতে তায়েদুল ইসলাম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দাবি করেন– বহরমপুর বা জেলায় কোনো ওয়াকফ সম্পত্তি যদি তিনি উদ্ধার করে থাকেন, তা প্রকাশ্যে আনতে হবে। তাঁর অভিযোগ, সিপিআইএম-কংগ্রেস-তৃণমূল তিন দলই নানা সময় ওয়াকফ সম্পত্তি দখল করেছে। বহরমপুর কারবালা কবরস্থানের জমি প্রথমে সিপিআইএম, পরে কংগ্রেসের প্রভাবে এবং বর্তমানে তৃণমূলের দখলে আছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও জানান– যে সব ওয়াকফ সম্পত্তি ‘১ নম্বর খতিয়ান’-এ চলে গেছে, সেগুলো ব্যবহারের পূর্ণ অধিকার এখন সরকারের হাতে। মন্ত্রী আখরুজ্জামানের তথ্য তুলে ধরে তিনি বলেন- মুর্শিদাবাদ জেলায় ৩৮৯টি ঈদের ময়দান, ৭৭৫টি মসজিদ ও ২,২২৫টি কবরস্থান কার্যত জবরদখল হয়ে ‘১ নম্বর খতিয়ান’-এ রূপান্তরিত হয়েছে।
রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম তাঁর বক্তব্যে জেলার সমৃদ্ধ ইতিহাসের কথা উল্লেখ করে বলেন– মুর্শিদাবাদকে পরিকল্পিতভাবে পিছিয়ে দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, “এতদিনেও জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন হয়নি– এটাই সবচেয়ে বড় প্রমাণ।” মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক সফরে উন্নয়ন নিয়ে একটি কথাও না বলে নিজেকে ‘হিন্দুত্ববাদী’ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর বক্তব্য– জেলাবাসী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এর যোগ্য জবাব দেবে।
এসডিপিআই-এর আদর্শ, সামাজিক ন্যায়বিচার এবং পিছিয়ে পড়া মানুষকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি তুলে ধরে বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম।
সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান– ভাবতায় কলেজ নির্মাণসহ জেলার দীর্ঘদিনের বঞ্চনা ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে।







