ভাঙড়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতা পুলিশের এএসআই
সাহিনুর ইসলাম, নতুন পয়গাম, ভাঙড়:
বাসন্তী হাইওয়েতে আবারও ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এবারের ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতা পুলিশের এক অফিসারের। শনিবার রাতে মাধবপুর থানার অন্তর্গত বৈরামপুর এলাকায় ইট বোঝাই লরির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে কর্মরত এএসআই শাহাবুদ্দিন বিশ্বাসের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিউটি শেষে কলকাতায় ফেরার পথে বাসন্তী হাইওয়েতে তাঁর মোটরবাইকটি একটি ইটবোঝাই লরির সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় তিনি লরির চাকার তলে পিষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। মৃতদেহ উদ্ধার করে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।
এই মর্মান্তিক ঘটনার জেরে কিছুক্ষণ জন্য থমকে যায় বাসন্তী হাইওয়ের যান চলাচল। দীর্ঘ যানজট তৈরি হওয়ায় বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। পরে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে যানজট স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।








