মৌমাছি পালন, মধু উৎপাদন, বিকল্প কর্মসংস্থান বনফুল-এর
হাসান লস্কর, নতুন পয়গাম, কুলতলী:
মধুজঙ্গলমুখী মৎস্যজীবীদের জঙ্গল থেকে মুখ ফেরাতে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি মৌমাছি পালনের মধ্য দিয়ে মধু উৎপাদন। সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বারে বারে মৎস্যজীবীদের মৃত্যুও ঘটছে। সরকারের পক্ষ থেকে কখনো মিলছে আর্থিক ক্ষতিপূরণ, কখনো-বা বৈধ কাগজপত্র না থাকার জন্য হয়রানির শিকার হতে হয় এই সমস্ত মৎস্যজীবী পরিবারের সদস্যদের। আর এই সমস্ত পরিবারের কথা চিন্তা করে দক্ষিণ ২৪ পরগনা বনদপ্তরের উদ্যোগে সমবায়ের মাধ্যমে মধু সংগ্রহের মধ্য দিয়ে বিকল্প কর্মসংস্থানের বন্দোবস্ত করছে ‘বনফুল’ নামক এই মধু কোম্পানি। সুন্দরবনের গভীর অরণ্য যেমন- চুলকাঠি বনি ক্যাম্প, কলস ক্যাম্পসহ একাধিক বিট অফিস সংলগ্ন এলাকায় মৌমাছির বাক্স বসিয়ে তাতে মধু সংগ্রহ করেন, আর অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেশিনে তা শোধন করে বোতল-বন্দি করা হয়।
জঙ্গলমুখী মানুষদেরকে কর্মসংস্থানের লক্ষ্যে দীর্ঘদিন যাবত বনদপ্তরের সাথে এই কাজ করে আসছেন তারা। প্রতিবছরে এই সুন্দরবনের মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করতে গিয়ে অনেক মৎস্য জীবীর মৃত্যুও ঘটছে। বিশেষ করে তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে এবং মৎস্যজীবীরা যাতে নিরাপদে থাকতে পারে, তার জন্য এমন মানবিক ও মহৎ পদক্ষেপ করছে ‘বনফুল’।








