বেহাল জাতীয় সড়কের মেরামতের দাবিতে অবরোধ
আটকে পড়লেন মন্ত্রী ও বিধায়ক
রৌশন আলম, নতুন পয়গাম, উত্তর দিনাজপুর:
দীর্ঘদিনের বেহাল অবস্থার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুরের রামপুরা থেকে ডালখোলা পর্যন্ত ২৭ নম্বর জাতীয় সড়ক। সোমবার জাতীয় সড়কের মেরামতের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়।
এই অবরোধের কারণেই আটকে পড়েন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরেফিন। তাঁদের বহরও দীর্ঘক্ষণ আটকে থাকে জাতীয় সড়কে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ২৭ নম্বর জাতীয় সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এদিন ২৭ নম্বর জাতীয় সড়কের অসুরাগড় এলাকায় এক ব্যক্তি পথ দুর্ঘটনায় আহত হন। এই ঘটনার পরই জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা থানার পুলিশ। পুলিশ প্রশাসন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
মন্ত্রীর গোলাম রব্বানীর আশ্বাসের পর স্থানীয় বাসিন্দারা অবরোধ তুলে নেন এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
তবে স্থানীয় বাসিন্দাদের স্পষ্ট বক্তব্য বারবার আশ্বাস নয়, এবার তাঁরা স্থায়ী সমাধান চান। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।







