শান্তিপুরে সিপিআইএম-এর ‘বাংলা বাঁচাও অভিযান’-এ দুষ্কৃতী হামলা
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, শান্তিপুর:
নদীয়ার শান্তিপুর থানার বাগ দেবীপুর এলাকায় সিপিআইএম-এর প্রচার চলাকালীন দুষ্কৃতীদের হামলায় উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার দুপুরে ‘বাংলা বাঁচাও অভিযান’-এর প্রচারে বেরিয়ে আক্রান্ত হন হরিপুর অঞ্চল কমিটির বেশ কয়েকজন সিপিআইএম কর্মী।
দলীয় সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে একটি চারচাকা গাড়িতে করে হরিপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছিলেন কর্মীরা। বিকেল নাগাদ মেলের মাঠ পার হয়ে বাগ দেবীপুরে পৌঁছোতেই উল্টো দিক থেকে মোটরবাইকে চেপে কয়েকজন যুবক এসে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। অভিযোগ, তারা প্রথমে ড্রাইভারকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। এরপরই গাড়িতে থাকা সিপিআইএম কর্মীদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। প্রচারের মাইক ও গাড়ি ভাঙচুর করা হয়। প্রাণভয়ে কয়েকজন কর্মী ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যান।
ঘটনার পর দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ। পরে সিপিআইএম-এর স্থানীয় ও উচ্চপদস্থ নেতৃত্ব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, এই হামলার পিছনে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের মদতপুষ্ট দুষ্কৃতীরাই দায়ী। যদিও ঘটনার বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







