বাঁকুড়ায় সিআইডি অভিযানে গ্রেফতার জাল লটারি বিক্রেতা
নতুন পয়গাম, তৌসিফ আহম্মেদ, পাত্রসায়ের, বাঁকুড়া:
গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়গ্রামের পর এবার বাঁকুড়ায় অভিযান চালালো সি আই ডি। অভিযান চালিয়ে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের হলদবুনি গ্রাম থেকে ভূটান লটারির জাল টিকিট ব্যবসার সাথে যুক্ত এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতের কাছ থেকে লটারির বেশ কিছু জাল টিকিট উদ্ধার করেছে সি আই ডি।
রাজ্য জুড়ে লটারির জাল টিকিটের কারবারে ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের কোটি কোটি টাকার রাজস্ব। সেই বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে এ রাজ্যের সি আই ডি। সম্প্রতি লটারিএ এই জাল টিকিটের রমরমা ব্যবসা রুখতে কোমর বেঁধে অভিযানেও নামে সি আই ডি। সম্প্রতি ঝাড়গ্রাম জেলায় অভিযান চালিয়ে এই জাল টিকিটের ব্যবসা রুখে দেয় রাজ্যের তদন্তকারী ওই সংস্থা । এরপর বাঁকুড়ায় এই জাল টিকিট ব্যবসার তদন্তে নামে সি আই ডি। তদন্তে নেমে সি আই ডি বিশেষ সূত্রে জানতে পারে বাঁকুড়ার পাত্রসায়ের থানার ডান্না গ্রামের বিনোদ বাগদী নামের এক লটারি বিক্রেতা পার্শ্ববর্তী বাজার হলদবুনিতে ভূটান লটারির জাল টিকিট বিক্রি করছে। খবর পেতেই অভিযান চালিয়ে ওই টিকিট ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে সি আই ডি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ভূটান লটারির বেশ কিছু জাল টিকিট। ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে ৩ দিনের জন্য নিজেদের হেফাজতে নেয় সি আই ডি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই জাল টিকিট কারবারের মূল চক্রীদের সন্ধান চালানো হবে বলে সি আই ডি সূত্রে জানা গেছে। যদিও ধৃত লটারি ব্যবসায়ীর দাবি এই লটারির টিকিট জাল তা তাঁর জানা ছিল না। তিনি পাইকারি দরে টিকিট কিনে এনে খুচরো বিক্রি করতেন।








