গোধূলির অর্ঘ্য পুস্তকের আনুষ্ঠানিক প্রকাশ কলকাতার বুদ্ধ ধর্মাঙ্কুর সভা গৃহে
নতুন পয়গাম, ৭ ডিসেম্বরঃ
রবিবার কলকাতার বুদ্ধ ধর্মাঙ্কুর সভা গৃহে গোধূলির মন্থন সাহিত্য পত্রিকার উদ্যোগে ‘গোধূলির অর্ঘ্য’ পুস্তকটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পত্রিকার সভাপতি দেবনারায়ণ দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক রাজীব শ্রাবণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন প্রবীণ সাহিত্যিক ও পত্রিকার চেয়ারম্যান বীরেশচন্দ্র ঘোষ, পত্রিকার সম্পাদিকা শুভ্রাদে, বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ সিরাজ, কবি সুশান্ত ঘোষ, অঙ্কুর সাংস্কৃতিক সংস্থার সম্পাদক অসিত বরন ভৌমিক, রীনা ভৌমিক এবং পত্রিকার সহ-সম্পাদিকা নাসিরা বেগম প্রমুখ।
এদিন অতিথিদের হাতে পত্রিকাটির মোড়ক উন্মোচনের পাশাপাশি দেবনারায়ণ দাস রচিত ‘তিস্তা পাড়ের উপকথা’ এবং আশীষ কুমার দত্তের কাব্যগ্রন্থ ‘সূর্যের ঋণ’ প্রকাশিত হয়।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানে নাচ, গান, বক্তব্য ও স্বরচিত কবিতা পাঠে পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। সুরেলা কণ্ঠে সংগীত পরিবেশন করেন সঞ্জীব দত্ত ও শিশু শিল্পী আয়ূষ দত্ত। বাচিক শিল্পী মৈত্রী সিংহ রায় সফলভাবে পরিবেশন করেন শাঁওলি মিত্র রচিত ‘নাতবতী অনাথবৎ’।
গোধূলি পত্রিকার সেরা পরিচালকদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন তন্ময় ঘোষ এবং দ্বিতীয় স্থান অধিকার করেন নাসিরা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট শিক্ষক ও কবি অরূপ কুমার দাশ, পুজা দাশ এবং সঞ্জীব দত্ত।
সাহিত্য, সংস্কৃতি ও সৃষ্টিশীলতার মেলবন্ধনে ভরপুর এই আয়োজন উপস্থিত দর্শক-শ্রোতাদের মন কেড়ে নেয়।








