“বঙ্গ রত্ন পুরস্কার ২০২৫” সম্মানে ভূষিত অধ্যাপক ড. মহীতোষ গায়েন
অতসী মন্ডল, নতুন পয়গাম, কলকাতা:
অরণ্য বাংলা ফাউন্ডেশন এবং ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স–এর উদ্যোগে সায়েন্স সিটি অডিটোরিয়ামের সেমিনার হলে শনিবার অনুষ্ঠিত হলো সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে আয়োজিত “বঙ্গ রত্ন পুরস্কার–২০২৫” প্রদান অনুষ্ঠান। এদিন বিভিন্ন বিভাগে মোট ৭৫ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এই সম্মানে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স-এর সিইও (সিই-ও) মহম্মদ নায়িম আলম জানান—
“সমাজের নানা ক্ষেত্র থেকে এবছর ১৫০০-রও বেশি আবেদন জমা পড়ে। কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৭৫ জন কৃতীকে ‘বঙ্গ রত্ন পুরস্কার-২০২৫’ নির্বাচিত করা হয়েছে।”
সম্মান প্রাপকদের মধ্যে এদিন সাহিত্য, গবেষণা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক (ড.) মহীতোষ গায়েন’কে “বঙ্গ রত্ন পুরস্কার ২০২৫” সম্মানে সম্মানিত করা হয়। তিনি বর্তমানে সিটি কলেজ–এর উপাধ্যক্ষ এবং দীর্ঘদিন ধরে ডব্লিউ বি সি ইউ পি এ (WBCUPA)–র সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত।
সাহিত্য ও ইতিহাসচর্চায় তাঁর উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে ১৮টি গ্রন্থ রচনা, ৪টি গবেষণা গ্রন্থ, ৪টি কাব্যগ্রন্থ, ১৭টি ইতিহাস বিষয়ক গ্রন্থ এবং ‘আবহমান’ ও ‘সুচিন্তা’সহ ৩টি ইতিহাস জার্নাল সম্পাদনা। এছাড়াও তার ঝুলিতে রয়েছে ৩৩টি আন্তর্জাতিক ও জাতীয় গবেষণা প্রবন্ধ , ৫০টিরও বেশি কবিতা, প্রবন্ধ, ফিচার ও গল্প।
বহু বছর ধরে দুঃস্থ ছাত্রছাত্রীদের শিক্ষাসামগ্রী, অসহায় মহিলাদের পোশাক ও আর্থিক সাহায্য, এবং শীতবস্ত্র বিতরণ ও প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
সম্মান গ্রহণের পর অধ্যাপক মহিতোষ গায়েন বলেন—
“এই সম্মান শুধু ব্যক্তিগত নয়, সমাজসেবার দায়িত্বকে আরও বাড়িয়ে দিল। আগামী দিনে আরও বেশি জনকল্যাণমূলক কাজ করতে চাই।”
এদিনের সম্মান অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য পুরস্কৃতদের মধ্যে ছিলেন—
মিউজিক কম্পোজার পণ্ডিত মল্লার ঘোষ, অভিনেতা অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীতশিল্পী জেনিভা রায়, বাচিক শিল্পী জয়দীপ চট্টোপাধ্যায়, অভিনেত্রী মল্লিকা ঘোষ প্রমুখ।
বিভিন্ন ক্ষেত্রে কৃতী মানুষের সম্মাননা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়াবে— এমনই আশা করছেন আয়োজক সংস্থারা।







