মুসলিমদের অগ্রগতি চায় না সরকার: মাওলানা আরশাদ মাদানী
নতুন পয়গাম, নয়াদিল্লি:
জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সায়্যিদ আরশাদ মাদানী মুসলিমদের প্রতি বৈষম্যের অভিযোগ করে বলেছেন, ভারতে মুসলিমদের টার্গেট করা হচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, মুসলিম নেতারা বিদেশে উচ্চপদে পৌঁছেছেন। কিন্তু ভারতে যারা এই পদে পৌঁছেছেন, তাদেরকে জেলে পাঠানো হয়। তিনি নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এবং লন্ডনের মেয়র সাদিক খানের কথা উল্লেখ করেন। যদিও সাদিক খান পাকিস্তানি বংশোদ্ভূত।
মাওলানা মাদানী বলেন, ভারতে একজন মুসলিম কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারেন না। যদি কেউ তা করেন, তবে তাকে কারাগারে পাঠানো হয়। আর এর উদাহরণ হলেন আজম খান। আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে হওয়া তদন্তের কথাও উল্লেখ করেন তিনি। মাদানী অভিযোগ করেন, মুসলিমরা যাতে কখনো মাথা তুলতে না পারেন, তা নিশ্চিত করতে সরকার অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।
কংগ্রেস পার্টির নেতা উদিত রাজ জমিয়ত নেতা মাদানির এই বক্তব্যকে সমর্থন করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন বুলডোজার দিয়ে বেছে বেছে মুসলিমদের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে, এর জবাব কে দেবে? সরকারই এসবের জন্য দায়ী।








