এসআইআর: আর কত প্রাণ হারাতে হবে? কমিশনের ভূমিকায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী
নতুন পয়গাম, কলকাতা:
এসআইআর আতঙ্কে রাজ্যে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩জন বিএলও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। শনিবার নতুন করে আত্মহত্যা করেন কৃষ্ণনগরের এক মহিলা বিএলও। যাকে ঘিরে নতুন করে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। আত্মহত্যার আগে কমিশনকে দুষে সুইসাইড নোট লিখে গেছেন তিনি। লিখেছেন, তাঁর এই পরিণতির জন্য দায়ী নির্বাচন কমিশন। এই প্রেক্ষিতে শনিবার কলকাতায় সিইও অফিসে ডেপুটেশন দেন রাজ্যের তিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস ও পার্থ ভৌমিক।
এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের প্রশ্নবাণে বিদ্ধ করেন নির্বাচন কমিশনকে। দুদিন আগে তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি ক্ষোভ উগরে দিয়ে লিখেছিলেন, এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ অপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অবিলম্বে বন্ধ করা হোক এই মানুষমারা প্রক্রিয়া। শনিবার মুখ্যমন্ত্রী নতুন চিঠিতে লেখেন, “আর কত মানুষের প্রাণহানি হবে? এসআইআর এর জন্য আর কত জনকে মরতে হবে? আর কত মৃতদেহ দেখলে নির্বাচন কমিশনের হুঁশ ফিরবে? সব মিলিয়ে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক আকার নিয়েছে।” মুখ্যমন্ত্রী আরো লিখেছেন, “একজন মহিলা প্যারা-টিচারের এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পরপর বিএলওরা মারা যাচ্ছেন। নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে ব্যবস্থা নিয়ে মানুষের জীবনরক্ষা করা।” যদিও শুক্রবার নির্বাচন কমিশন সব দায়ভার ঝেড়ে ফেলে রাজ্য সরকারকেই দুষে আর্থিক ক্ষতিপূরণের দায়ও রাজ্যের ওপর চাপিয়েছে।








