১৬০ কোটি ডলার ব্যাঙ্ক জালিয়াতি দুই ফেরার ভাইয়ের ব্যাপারে কড়া সুপ্রিম-নির্দেশ
নতুন পয়গাম, নয়াদিল্লি: নীতিন ও চেতন সন্দেশারা। দুই সহোদর। যারা ব্যাংক ঋণে প্রায় ১৬০ কোটি ডলার জালিয়াতি করেছে। ভারতীয় মুদ্রায় এই অংক ১৪ হাজার ৭৩ লক্ষ কোটির বেশি। এই পাহাড় প্রমাণ টাকা ব্যাঙ্ক জালিয়াতি করে দেশ থেকে চম্পট দিয়েছে দুই কীর্তিমান ভাই। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট জিরো টলারেন্স ভূমিকা নিয়ে বলেছেন, ওই বিপুল অঙ্কের জালিয়াতির এক-তৃতীয়াংশ বা ৫৭০ মিলিয়ন ডলার বা ৫১০০ কোটি টাকা ১৭ ডিসেম্বরের মধ্যে এককালীন মিটিয়ে দিলে তবেই ফৌজদারি মামলা থেকে রেহাই মিলবে ধনকুবের ভাইয়ের। তাদের নামে অনেক রকমের বড় বড় ব্যবসা ও কোম্পানি রয়েছে।

আট বছর আগে তাঁরা আলবেনিয়ার পাসপোর্ট নিয়ে ভারত থেকে পালিয়ে গিয়েছিল। আদালতে তাদের আইনজীবী মুকুল রোহতাগি আবেদন জানিয়ে বলেন, দুই অভিযুক্ত ৫৭ কোটি ডলার ১৭ ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দিতে রাজি হয়েছে। বিনিময়ে যেন তাদের দুই ভাইদের বিরুদ্ধে চলা সমস্ত মামলা তুলে নেওয়া হয়। সেই প্রস্তাবে রাজি হয়েছে শীর্ষ আদালত। যদিও দুই ভাই বারবারই দাবি করেছেন, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। ঘটনার বিবরণে প্রকাশ, আর্থিক জালিয়াতির অভিযোগ ওঠার পর দেশ ছেড়ে পালানো ১৪ জনের নাম ২০১৮ সালে প্রকাশ করেছিল কেন্দ্র সরকার। সেই তালিকায় বিজয় মালিয়া, মেহুল চোকসি, নীরব মোদিদের পাশাপাশি সন্দেশারা ভাইদের নামও ছিল। কিন্তু এদের হাত অনেক লম্বা হওয়ায় এখনও কড়া পদক্ষেপ করা সম্ভব হয়নি বলে অভিযোগ।








