ওভারলোডিং ডাম্পারের দৌরাত্ম্য! রাস্তায় ডাম্পার আটকে বিক্ষোভ এলাকাবাসীর
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, জলপাইগুড়িঃ
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামসাই–বারোহাতি সংলগ্ন গ্রামীণ রাস্তায় প্রতিদিন দেদার চলছে বালি বোঝাই অতিরিক্ত ভারী ডাম্পারের চলাচল। ওভারলোডিংয়ের জেরে রাস্তাজুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, ক্ষতিগ্রস্ত হয়েছে দু’ধারের ড্রেনও। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
মঙ্গলবার সকালে ওই পথে চলাচলকারী একাধিক ডাম্পার আটক করে বিক্ষোভে সামিল হন বাসিন্দারা। তাদের অভিযোগ, ডাম্পার মালিকরা কোনো নিয়ম-কানুন মানছেন না। ফলে গ্রামীণ রাস্তা নষ্ট হয়ে সাধারণ মানুষের চলাচলে চরম অসুবিধা তৈরি হয়েছে। শিশু ও বয়স্কদের পক্ষে এ পথ দিয়ে যাতায়াত এখন বিপজ্জনক হয়ে উঠেছে বলেও দাবি করেন তারা।
এলাকাবাসীর দাবি, দ্রুত ওভারলোডিং বন্ধ করে ভারী যানবাহনের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানে বিডিও, ব্লক প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপও চাইছেন তারা।







