বারুইপুরে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের বৈঠক ও এসডিও অফিসে ডেপুটেশন জমা
নতুন পয়গাম, বারুইপুর:
উদ্ভূত বিভিন্ন সামাজিক-প্রশাসনিক সমস্যা নিয়ে পর্যালোচনা ও পরামর্শমূলক বৈঠক করল বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ। সোমবার বারুইপুর অনিমা ভবনে সংগঠনের সভাপতি মাওলানা মোজাফফর হোসেনের সভাপতিত্বে এবং কার্যকরী সভাপতি শিক্ষক আব্দুর রউফের পরিচালনায় এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাধারণ সম্পাদক প্রফেসর জাহান আলী পুরকাইত বৈঠকের মূল আলোচ্য বিষয় তুলে ধরে উপস্থিত সদস্যদের সুচিন্তিত মতামত জানানোর আহ্বান জানান। ওয়াকফ বিষয়ক সমস্যা, এসআইআর, প্রটেস্ট্যান্ট খ্রিস্টানদের জন্য কবরস্থানের জমি, প্রতিষ্ঠা দিবস উদযাপন, মিডিয়ার মুসলিম বিরোধী প্রোপাগান্ডা-সহ একাধিক বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ কে এম গোলাম মর্তুজা, ফাদার শ্যামল ঘড়ুই, প্রাক্তন ডি আই নজরুল হক সিপাই, অধ্যাপিকা সালেহা বেগম, মাষ্টার আব্দুল হান্নান, মাওলানা নুরুল ইসলাম, মাষ্টার আব্দুল অদুদ, জয়দীপ রায়, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, মারিয়া ঘড়ুই, শ্রাবন্তী জানা, প্রিতেন্দু দাস, শিখা পাল, সাংবাদিক রাজিবুল, জাহিদ হোসেন, বায়জিদ মন্ডলসহ অন্যরা।
সভা শেষে সংগঠনের এক প্রতিনিধিদল বারুইপুর এসডিও অফিসে গিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে প্রটেস্ট্যান্ট খ্রিস্টানদের জন্য কবরস্থানের জায়গা বরাদ্দের দাবিসংবলিত স্মারকলিপি জমা দেয়। ডেপুটি ম্যাজিস্ট্রেট স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।







