জয়নগর টাউনহলে তৃণমূলের সংবর্ধনা ও এসআইআর বিষয়ক আলোচনা সভা
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, জয়নগর:
জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুথ সভাপতি, বিএলএ–সহ বিভিন্ন স্তরের কর্মীদের সংবর্ধনা এবং এসআইআর সংক্রান্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সক্রিয় করা এবং চলমান এসআইআর প্রক্রিয়া নিয়ে দিকনির্দেশনা দেওয়াই ছিল এদিনের মূল উদ্দেশ্য।
সভায় উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস, তৃণমূলের জয়হিন্দ বাহিনীর জেলা সহ-সভাপতি রাজু লস্কর, জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর, জয়নগর ১ ও ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস ও প্রিয়াঙ্কা মন্ডল, জয়নগর ২ নং ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি শাহাবুদ্দিন শেখ, জয়নগর–মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদারসহ একাধিক কাউন্সিলর, প্রধান–উপপ্রধান ও অন্যান্য কর্মাধ্যক্ষরা।
এদিন প্রায় ৬৫০ জন কর্মীকে শীতবস্ত্র শাল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
বিধায়ক বিশ্বনাথ দাস বক্তব্যে জানান, এসআইআর কাজে দলীয় কর্মীদের ভূমিকা প্রশংসনীয়। মানুষের পাশে থেকে কাজ করার এই উদ্যোগকে সম্মান জানাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি এসআইআরের প্রথম পর্বের কাজ প্রায় শেষ হওয়ায় দ্বিতীয় পর্বের প্রস্তুতি ও কর্মীদের করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।








