সরকারকে চিঠি লিখে অস্ত্রত্যাগের প্রস্তাব, দমন অভিযান বন্ধের আর্জি মাওবাদী নেতাদের!
নতুন পয়গাম, নাগপুর:
দেশের বিভিন্ন রাজ্যে একের পর এক মাওবাদ দমন অভিযানে নিহত হচ্ছে এই গেরিলা বাহিনীর ক্যাডার ও নেতারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনেক আগেই দেশকে মাওবাদ-মুক্ত করতে ২০২৬ সালের ৩১ মার্চ ডেডলাইন ঘোষণা করেছে। সেই লক্ষ্যেই ইদানীংকালে নিরাপত্তা বাহিনীর ঘন ঘন অভিযানে খতম হয়েছে মাওবাদী নেতাদের একাংশ। মাত্র কদিন আগেই মৃত্যু হয়েছে মাওবাদীদের গেরিলা শীর্ষনেতা মাদভি হিদমার। তার মৃত্যুতে বিশেষ করে মধ্য ভারতে তাদের হাল বেহাল হয়েছে, দুর্বল হয়েছে মাওবাদীরা। এমতাবস্থায় নিরুপায় হয়েই আত্মসমর্পণ ও অস্ত্রত্যাগের আর্জি জানিয়ে তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে নিষিদ্ধ সিপিআই মাওবাদী নেতৃত্ব।
একযোগে তিন মাওবাদী অধ্যুষিত রাজ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সরকারকে তারা এই লিখিত প্রস্তাবে অনুরোধ জানানো হয়েছে, ছত্রভঙ্গ সংগঠনের ক্যাডাররা যাতে অস্ত্রত্যাগ করে সরকারের পুনর্বাসন প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পায়, সেজন্য ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযান স্থগিত রাখা হোক। সূত্রের খবর, মাওবাদীদের ওই চিঠি শনিবার রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পৌঁছায় তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। চিঠিতে সই রয়েছে মাওবাদীদের জোনাল মুখপাত্র অনন্ত-এর। এছাড়াও সম্প্রতি সশস্ত্র সংগ্রাম থেকে সরে আসার সিদ্ধান্ত ঘোষণা করে প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য সোনু দাদা ওরফে ভূপতি ও চন্দ্রন্না।
উল্লেখ্য, এই প্রথম মাওবাদীদের তরফে লিখিত প্রতিশ্রুতি দিয়ে অস্ত্র সমর্পণের প্রস্তাব দেওয়া হল। এছাড়াও তারা আগামী সাড়ে তিন মাস সব ধরনের প্ররোচনা বন্ধ রাখার প্রতিশ্রুতিও দিয়েছে। তবে মাওবাদীদের আত্মসমর্পণের এই প্রস্তাবকে স্বাগত জানালেও নিরাপত্তা বাহিনীর শীর্ষ আধিকারিকরা বলছেন, মাওবাদ নির্মূল অভিযান বন্ধ হবে না।








