গল্পকার ঋত্বিক ঘটকের শতবর্ষ উপলক্ষ্যে অধ্যাপক জ্যোতিষ চন্দ্র ঘোষ স্মারক বক্তৃতা
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলিঃ
খ্যাতিম্যান বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটককে চলচ্চিত্র পরিচালক হিসেবে তাঁকে আমরা বেশি জানি। তিনি একাধারে যেমন নাট্যকার ও নাট্যাভিনেতা অন্যদিকে তিনি সুলেখক এবং গল্পকার। ঋত্বিক ঘটকের চলচ্চিত্র জগত নিয়ে বহু আলোচনা হলেও যে বিষয়টি অনালোচিত থেকে গেছে সেটি হল তাঁর অসামান্য সমাজজীবনের গল্প। তাঁর গল্পগুলিতে বয়ে চলেছে সমাজের বাস্তবতার কথা। সেই দিক নিয়েই “শতবর্ষে গল্পকার ঋত্বিক এক অনালোচিত অধ্যায়” শীর্ষক বিষয়ে অধ্যাপক জ্যোতিষ চন্দ্র ঘোষ স্মারক বক্তৃতায় মহারাজা শ্রীশচন্দ্র কলেজের অধ্যাপক কুন্তল মিত্রের কথায় উঠে এলো।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ছিল ঋত্বিক ঘটকের শততম জন্মদিন এবং আগামী ১৩ ডিসেম্বর অধ্যাপক জ্যোতিষ চন্দ্র ঘোষের জন্মদিনের ১৪২ তম জন্ম দিবস পূর্ণ হতে চলেছে। সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে রবিবার অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষ ট্রাস্টের উদ্যোগে চুঁচুড়ার জ্যোতিষ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্মারক বক্তৃতার পাশাপাশি বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ বদরুল হাসান রচিত বিপ্লবাচার্য জ্যোতিষচন্দ্র ও অনুসঙ্গ সময়” গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশও হয়। এদিন অধ্যাপক জ্যোতিষ চন্দ্র ঘোষ এর জন্মবার্ষিকীর প্রাক্কালে তাঁর জীবনীমূলক বইটি বিশিষ্ট কবি প্রবীর রায় চৌধুরী, শিক্ষাবিদ আব্দুল কালাম, সমীর বসু, স্মারক বক্তা অধ্যাপক কুন্তল মিত্র এবং লেখক ড. বদরুল হাসান স্বয়ং একযোগে প্রকাশ করেন।








