আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ ৪০ পরিবারের
সাহাপুর ২ গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ গ্রামবাসীদের
মোহাম্মদ জাকারিয়া, নতুন পয়গাম, রায়গঞ্জ:
উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ২ ব্লকের সাহাপুর দুই গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার তালিকা নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। মঙ্গলবার কোনা ও কামাত গ্রামের প্রায় ৪০ জন বাসিন্দা অভিযোগ করেন, সরকারি নির্দেশিকা অনুযায়ী সব শর্ত পূরণ করেও তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর এই অভিযোগকে কেন্দ্র করেই সকাল থেকেই পঞ্চায়েত কার্যালয়ের সামনে বাড়তে থাকে উত্তেজনা।
বিক্ষোভকারীদের দাবি, বহু বছর ধরে ঘরহীন অবস্থায় দিন কাটালেও উপযুক্ত হয়েও তারা সাহায্য পাচ্ছেন না। প্রশাসনের পক্ষপাতিত্ব ও ‘ইচ্ছামতো বাছাই’-এর অভিযোগ তোলেন অনেকে। এক প্রতিবাদকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সব কাগজপত্র জমা দিয়েছি, যাচাইও হয়েছে। তবু নাম কেটে দিল কেন? এটা অন্যায়—আমরা মেনে নেব না।”
গ্রামবাসীরা এদিন পঞ্চায়েত অফিসের সামনেই অবস্থান-বিক্ষোভ চালান। তাদের স্পষ্ট হুঁশিয়ারি—প্রয়োজনে আগামী দিনে গোয়ালপোখর ২ ব্লক অফিসে গিয়েও লিখিত অভিযোগ জানানো হবে, আন্দোলন আরও তীব্র করা হবে।
পঞ্চায়েতের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে ঘটনায় এলাকাজুড়ে চাপা ক্ষোভ ছড়িয়েছে। গ্রামবাসীদের দাবি, প্রকৃত সুবিধাভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত করতে অবিলম্বে তদন্তের ব্যবস্থা করতে হবে প্রশাসনকে; অন্যথায় বড় আন্দোলনে নামবেন তারা।
ঘটনাকে ঘিরে সাহাপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক উত্তাপও বাড়তে শুরু করেছে। গ্রামবাসীদের বিশ্বাস, লড়াইয়ের মাধ্যমে হলেও তাদের ন্যায্য অধিকার তারা ফিরে পাবেন।








