উত্তর দিনাজপুর জেলা বইমেলা প্রস্তুতি শুরু, ইসলামপুরে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ সভা
মোহাম্মদ জাকারিয়া, নতুন পয়গাম, ইসলামপুর:
আসন্ন উত্তর দিনাজপুর জেলা বইমেলাকে ঘিরে শুরু হয়েছে প্রস্তুতির তোড়জোড়। মঙ্গলবার ইসলামপুর পৌরসভার মিটিং হলে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা শাসক অঙ্কিতা আগারওয়াল, উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল, জেলা লাইব্রেরি আধিকারিক দেবব্রত দাস, মহকুমা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বহু সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধি।
সভায় আগামী ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি ইসলামপুর কোর্ট ময়দানে আয়োজিত হতে চলা জেলা বইমেলার প্রাথমিক পরিকল্পনা, স্টল বিন্যাস, নিরাপত্তা ব্যবস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গণ-অংশগ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে বিশদ আলোচনা হয়। মেলাকে আরও সুসংগঠিত ও সুষ্ঠুভাবে পরিচালনার ওপর জোর দেন কর্তৃপক্ষ।
সভায় মহকুমা শাসক অঙ্কিতা আগারওয়াল বলেন,
“এই বইমেলা শুধু সাংস্কৃতিক উৎসব নয়, এটি জেলার পাঠপ্রেমীদের মিলনমেলা। আমরা চাই এ বছরের বইমেলা আরও সুন্দরভাবে সাজানো হোক, যাতে সবাই উপভোগ করতে পারেন।”
পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল জানান,
“ইসলামপুর কোর্ট ময়দানে মেলার পরিকাঠামো দ্রুত তৈরির কাজ শুরু হবে। শহরের মানুষ বইমেলাকে ঘিরে উচ্ছ্বসিত, আমরাও তাদের পাশে আছি।”
প্রথম দফার এই প্রস্তুতি সভাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসন। আগামী দিনে আরও কয়েকটি বৈঠকের মাধ্যমে বইমেলার সমস্ত আয়োজন চূড়ান্ত করা হবে।








