বারুইপুর মিলন মেলায় দুর্ঘটনা
ভাইরাল সুনামি রাইড থেকে মহিলার পড়ে যাওয়ার ভিডিও
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, বারুইপুর:
বারুইপুরের একমাসব্যাপী মিলন মেলায় ফের ঘটল দুর্ঘটনা। বিভিন্ন খাবারের স্টল থেকে শুরু করে নানান ধরনের আনন্দযানের সমাহারে জমজমাট এই মেলায় রয়েছে অত্যাধুনিক সুনামি রাইড। আর সেই রাইড থেকেই এক মহিলা নিচে পড়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুরজুড়ে। ইতিমধ্যেই ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আগের বছরও মিলন মেলায় একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। এক বছর পর আবারও একই ছবি—ফলে নিরাপত্তা নিয়েই উঠছে প্রশ্ন।
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুই বছর ধরে একই মেলায় একই ধরনের দুর্ঘটনা ঘটছে। তাহলে প্রশাসন কেন কঠোর নিরাপত্তা নিচ্ছে না? কীভাবে এই মেলার পারমিশন দেওয়া হচ্ছে?” তাঁর আরও অভিযোগ, রাইডগুলোর নিরাপত্তা পরীক্ষা ঠিকঠাক হয় কিনা, তা দেখার দায়িত্ব প্রশাসনের।
এছাড়া মিলন মেলাকে ঘিরে প্রতিদিন বারুইপুর জয়নগর মেন রোডে তীব্র যানজট তৈরি হচ্ছে। সেই রাস্তার সামনেই রয়েছে বারুইপুর মহকুমা হাসপাতাল। স্থানীয়দের দাবি, যানজটে আটকে অ্যাম্বুল্যান্সে রোগীরা আরও অস্বস্থিকর পরিস্থিতির মধ্যে পড়ছেন। তাঁদের অভিযোগ—“মেলা হোক, কিন্তু এমন জায়গায় করা হোক যেখানে নিরাপত্তা বজায় থাকবে এবং যানজটও সৃষ্টি হবে না।”
এ বিষয়ে বারুইপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস বলেন, “শুনেছি, সুনামি রাইডে একজন মহিলা সেলফি তুলতে গিয়ে অতিরিক্ত উত্তেজনার কারণে পড়ে যান। মিলন মেলা কর্তৃপক্ষের এই বিষয়গুলো আরও কড়াভাবে নজরদারি করা উচিত।”
তবে এই ঘটনার বিষয়ে মিলন মেলা কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি। যোগাযোগের চেষ্টা করলেও তাঁরা প্রতিক্রিয়া দেননি।








