মোথাবাড়িতে রক্তাক্ত সংঘর্ষে প্রাণহানি, আতঙ্কে কালিয়াচক
আবু রাইহান, নতুন পয়গাম, কালিয়াচক:
বৃহস্পতিবার ফের রক্তাক্ত সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মোথাবাড়ি বিধানসভা এলাকার কালিয়াচক–১ গ্রাম পঞ্চায়েতের এর রাজনগর মডেল এলাকায়। ভুট্টাক্ষেত দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার দুই পক্ষের মধ্যে যে বচসা শুরু হয়েছিল, তারই রেশে পরদিন সকালে রাজনগর মডেল মাদ্রাসায় সালিশি বৈঠক বসে। কিন্তু বিচার চলাকালীন মুহূর্তে কথা–কাটাকাটি ভয়ঙ্কর সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই লাঠি, লোহার রড ও ধারালো হাসুয়া নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে দুই পক্ষ। ঘটনায় অন্তত ছয় জন গুরুতর জখম হন। আহতদের প্রত্যেককে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় । হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ৩৫ বছরের একরামুল সেখকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল। বাকিদের সিলামপুর গ্রামীণ হাসপাতাল হয়ে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত এক সপ্তাহে জমি-বিবাদ, দুষ্কৃতী হামলা, গুলি ও ভাঙচুর—এমন সাতটি ঘটনায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে কালিয়াচকের বিভিন্ন এলাকায়। প্রায় প্রতিদিনই নতুন ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার খবর পেয়ে এসডিপিও ফাইসাল রাজার নেতৃত্ত্বে কালিয়াচক ও মোথাবাড়ি থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় মোতায়েন করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








