এসআইআর ‘রাজনৈতিক গণহত্যা’: অর্থমন্ত্রীর স্বামী
নতুন পয়গাম, কলকাতা:
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের স্বামী নামজাদা অর্থনীতিবিদ ড. প্রভাকর পারাকালা বলেছেন, এসআইআর হল রাজনৈতিক গণহত্যা। শনিবার কলকাতা প্রেস ক্লাবে ‘দেশ বাঁচাও গণমঞ্চ’ ও ‘দ্য এডুকেশনিস্ট ফোরাম’-এর যৌথ উদ্যোগে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রভাকর পারাকালা, যোগেন্দ্র যাদব, ওমপ্রকাশ মিশ্র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, অধ্যাপিকা ও লেখক সৈয়দ তানভীর নাসরীন প্রমুখ। সেখানেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী ড. পারাকালা এমন কথা বলে পরোক্ষে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলেন।
বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক যোগেন্দ্র যাদব বলেন, এসআইআর ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া নয়। এটি আসলে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ছক। তাই এ রাজ্যের সাধারণ মানুষ এবং বিএলওদেরকে সতর্ক থাকতে বলে যোগেন্দ্রর মন্তব্য, মনে রাখতে হবে বিএলওরা সংবিধানের জন্য কাজ করছেন।
নির্মলা সীতারমণের স্বামী আরো বলেন, ‘এসআইআর-এর উদ্দেশ্য নির্বাচনী ইস্যুর থেকে অনেক বড়। এসআইআর আসলে ‘রাজনৈতিক গণহত্যা’। এখানে মানুষের ভোটাধিকার তথা রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এটা কখনওই ভোটার তালিকার শুদ্ধিকরণ হতে পারে না। এসআইআরের মাধ্যমে ঘুরপথে সিএএ লাগুর কাজ চলছে। এসআইআরের মাধ্যমে সরকার ভোটার বদলে দিচ্ছে। অথচ কথা ছিল, ভোটাররা সরকার বদলাবে।’








