তারকায় উদ্ভাসিত সন্ধ্যায় ‘বেস্ট অফ বেঙ্গল’ ও ‘স্বাস্থ্য বন্ধু’ সম্মান প্রদান
অতসী মন্ডল, নতুন পয়গাম, কলকাতা, ২৩ নভেম্বর:
রবিবার সন্ধ্যায় কলকাতার এক ঝলমলে অনুষ্ঠানে গীতাঞ্জলি গ্রুপের উদ্যোগে আয়োজিত ‘বেস্ট অফ বেঙ্গল’ সম্মাননা অনুষ্ঠানে বাংলার বিশিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হল বিশেষ সম্মান।
এদিনের অন্যতম আকর্ষণ ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান তথা প্রখ্যাত চিকিৎসক ডা. মলয় পিট। তিনি একসঙ্গে দু’টি সম্মানে ভূষিত হন। প্রথমত, ‘বেস্ট অফ বেঙ্গল’ সম্মান তুলে দেন বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি অশোক কুমার বণিক এবং টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা তথা রাজনীতিবিদ চিরঞ্জিত চক্রবর্তী। এরপর একই মঞ্চে ডা. মলয় পিটকে বিশেষভাবে ‘স্বাস্থ্য বন্ধু সম্মান’ দেওয়া হয় সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য তাঁর অসামান্য স্বাস্থ্যসেবা ও মানবিক কাজের স্বীকৃতি হিসেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও সম্মানিত হয়েছেন টলিউডের প্রবাদপ্রতিম অভিনেত্রী দেবশ্রী রায়, অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত, কিংবদন্তি সঙ্গীতশিল্পী ইন্দ্রাণী সেন, দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া, প্রখ্যাত সাহিত্যিক নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর আশুতোষ ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব দপ্তরের যুগ্ম অধিকর্তা অনুপম হালদার, জে আই এস বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ভাস্কর গুপ্ত সহ আরও অনেক বিশিষ্টজন।
এদিনের অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন খ্যাতনামা উপস্থাপক ও অভিনেতা সতীনাথ মুখোপাধ্যায়।
সমাজসেবা, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও স্বাস্থ্যক্ষেত্রে অবদানের জন্য বাংলার সেরাদের সম্মান জানানোর এই উদ্যোগকে সকলেই কুর্নিশ জানিয়েছেন।








