প্রয়াত সাহিত্যিক রফিক গাজির স্মরণসভা
নতুন পয়গাম, ডায়মন্ড হারবার:
গত ১৫ নভেম্বর ২০২৫ হৃদরোগে আক্রান্ত হয়ে পিজি হাসপাতালে মৃত্যু হয় ডায়মন্ড হারবারের পঞ্চগ্রামের বাসিন্দা আব্দুর রফিক গাজির। তাঁর স্মৃতিকে শ্রদ্ধা জানাতে শুক্রবার বাসুল্ডাঙ্গার সালেহা মিশন চত্বরে অনুষ্ঠিত হলো এক স্মরণসভা। উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চল থেকে আগত তাঁর অনুরাগী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম আব্দুর রফিক গাজির জীবনদর্শন, কর্মনিষ্ঠা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড স্মরণ করেন। বাংলার মুসলিম আন্দোলনের প্রধান মুখ, প্রখ্যাত হাইকোর্ট ব্যারিস্টার মরহুম হাসানুজ্জামান সাহেবের ভাবশিষ্য হিসেবে রফিক গাজি ছিলেন সুপরিচিত। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের নেতৃত্বের অন্যতম স্তম্ভ হিসেবে তিনি দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করেছেন।
কওম-দরদী, বাগ্মী, সদালাপী ও পরোপকারী স্বভাবের এই মানুষটি সুখ–দুঃখে সবার পাশে দাঁড়াতেন। এলাকার মানুষজন জানালে যেকোনো সমস্যার সমাধানে তিনি দ্রুত উদ্যোগী হতেন। পেশায় তিনি ছিলেন সরকারি লাইব্রেরিয়ান, পাশাপাশি সাহিত্যচর্চায়ও ছিলেন তৎপর। প্রবন্ধ, রম্যরচনা ও বিভিন্ন সাহিত্যকর্মের জন্য পাঠকদের কাছে তিনি বিশেষভাবে সমাদৃত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
স্মরণসভাটি আয়োজন করেন তাঁর বোন, অধ্যাপিকা সালেহা বেগম। অনুষ্ঠানে উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন—রেনেসাঁ পত্রিকার সম্পাদক আজিজুল হক, বঙ্গীয় সংখ্যা লঘু পরিষদের সভাপতি শিক্ষক আব্দুর রউফ, বারুইপুর চার্চের ফাদার শ্যামল ঘড়ুই, বহু কাব্য প্রণেতা সাহাউদ্দিন পিয়াদা, মুসলিম লীগের পক্ষ থেকে রফিকুল ইসলাম ও কুতুবউদ্দিন খাঁন, এবং মিশনারি প্রতিনিধি মারিয়া ঘড়ুই প্রমুখ।
অনুষ্ঠানে সকলেই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর রেখে যাওয়া মানবিক ও সামাজিক কর্মকাণ্ডকে আগামী দিনের পথচলার অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন।








