দাদরি: অভিযোগ তুলে নিতে উদ্যোগী যোগী
নতুন পয়গাম, লখনউ:
বহুল চর্চিত ভয়াবহ দাদরি হত্যাকাণ্ড মামলায় সব অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে চাইছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। এই মর্মে শনিবার আদালতে মামলা প্রত্যাহার করতে চেয়ে আবেদন করেছে উত্তর প্রদেশ রাজ্য সরকার। অবশ্য আদালত এখনই সিদ্ধান্ত জানায়নি। ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।

উল্লেখ্য, এক দশক আগে ২০১৫ সালে উত্তরপ্রদেশের দাদরিতে প্রতিবেশীদের হাতে নির্মমভাবে খুন হন মহম্মদ আখলাক। তাকে পিটিয়ে হত্যা করার আগে গো-রক্ষক বাহিনীর তরফে ঘোষণা করা হয়েছিল, আখলাক বাড়িতে গোমাংস রেখেছে। স্থানীয় মন্দির থেকে ভেসে আসা সেই ঘোষণা শুনে আখলাকের বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে। এরপর লোকলস্কর নিয়ে বিজেপি নেতার ছেলে বিশাল রানা ও তাঁর ভাই শিবমের নেতৃত্বে উত্তেজিত জনতা আখলাক ও তাঁর ছেলে দানিশকে বাড়ি থেকে টেনে বের করে এনে প্রকাশ্য রাস্তায় ফেলে নির্মমভাবে প্রহার করে। রক্তাক্ত অবস্থায় নয়ডার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আখলাক। দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয় তার ছেলে দানিশ। সেই মামলায় ১৫ জন অভিযুক্তই জামিন ও খালাস পেয়েছে অনেক আগেই।








