“স্বয়ংসিদ্ধা” ও নিরাপদ ড্রাইভিং সচেতনতা শিবিরে অংশ নিলেন ছাত্রছাত্রীরা
অতসী মন্ডল, নতুন পয়গাম, হাওড়া:
হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশের উদ্যোগে বুধবার দুটি গুরুত্বপূর্ণ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাজে নারী সুরক্ষা ও সড়ক নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষ, বিশেষত তরুণ প্রজন্মকে আরও সচেতন করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।
উলুবেড়িয়া থানার উদ্যোগে চেঙ্গাইল শ্রীবিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় “স্বয়ংসিদ্ধা” প্রকল্পের আওতায় এক সচেতনতা শিবির। এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশ নেন। বাল্যবিবাহ রোধ, নারী পাচার প্রতিরোধ, সাইবার অপরাধ সম্পর্কে সতর্কতা এবং নারী সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা জানান, নারীদের সচেতনতা বৃদ্ধি করেই সমাজে নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব।
অন্যদিকে, একই দিনে বাগনান এসটিজি কর্তৃক বাগনান কাচারিপাড়া সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে আয়োজিত হয় নিরাপদ ড্রাইভিং সচেতনতা শিবির। এই শিবিরে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক নিয়ম, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব, এবং দুর্ঘটনা প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত জানানো হয়।








