এসআইআর এর প্রতিবাদ ও তৃনমূলের কর্মীসভায় জয়নগরে তৃনমূলে যোগ দিলেন বহড়ুর বিজেপির উপপ্রধান
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, জয়নগর:
এসআইআর-এর নামে সাধারণ মানুষের ভোটাধিকার ও নাগরিকত্ব কেড়ে নেওয়ার অভিযোগে রবিবার জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়। জয়নগর বিধানসভার তৃণমূল নেতৃত্বের এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও জেলার বিশেষ পর্যবেক্ষক জাহাঙ্গীর খান, মথুরাপুরের সাংসদ ও সুন্দরবন জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বাপি হালদার, মন্দিরবাজারের বিধায়ক ও সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জয়দেব হালদার, জয়নগর বিধানসভার বিধায়ক ও পৌরসভার চেয়ারম্যান বিশ্বনাথ দাস সহ একাধিক জেলা–ব্লক স্তরের নেতৃত্ব।
সভায় জাহাঙ্গীর খান বলেন,
“ভুল–ত্রুটি শুধরে নিতে হবে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কথা বলতে হবে, সমস্যায় পাশে দাঁড়াতে হবে। তাহলে মানুষও আশীর্বাদ করবে, আর বিজেপির কাঠের পুতুল রাজনীতি রাজ্য থেকে উধাও হবে। জয়নগরে লক্ষাধিক ভোটে তৃণমূল ফের ক্ষমতায় আসবে।”
তিনি কর্মীদের উদ্দেশে আরও বলেন,
“বিধায়ক বিশ্বনাথ দাসকে সামনে রেখে বুথে বুথে সংগঠনের কাজ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। বিজেপি যতই চেষ্টা করুক, এবারের ভোটে তারা ৫০ আসন পেরোতে পারবে না।”
বিধায়ক বিশ্বনাথ দাস এদিন এসআইআর প্রয়োগ–সংক্রান্ত খোঁজখবর নেন এবং মাঠপর্যায়ের কর্মীদের মতামত শোনেন।
বিজেপি থেকে তৃণমূলে যোগ সংগীতা হালদার মণ্ডলের
ভিড়ে ঠাসা কর্মীসভায় বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও বিজেপি নেত্রী সংগীতা হালদার মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগ দেন। জাহাঙ্গীর খান, জয়দেব হালদার ও বিশ্বনাথ দাস তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।
সংগীতা হালদার মণ্ডল বলেন,
“বিজেপিতে থেকে এলাকার উন্নয়নে কোনও কাজ করতে পারছিলাম না। বারবার জানালেও সাহায্য পাইনি। তাই কাজ করার সুযোগ পেতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।”
বিজেপির পাল্টা আক্রমণ
এ বিষয়ে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর বলেন,
“নিজের পদ বাঁচাতে লালায়িত হয়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি কোনও দলীয় বৈঠকে যেতেন না, কর্মীদের বাদ দিয়ে নিজের মতো কাজ করতেন। স্বার্থ ও লোভেই শাসক দলে যোগ দিয়েছেন।”
এসআইআর–কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মাঝেই কর্মসূচিকে কেন্দ্র করে জয়নগরে এদিন স্পষ্ট হল দুই পক্ষের তীব্র রাজনৈতিক টানাপোড়েন।







