ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনে জামাআতের হেল্পলাইন, শেষ তারিখ ৫ ডিসেম্বর ২০২৫
নতুন পয়গাম, কলকাতা:
ওয়াকফ সম্পত্তির ডিজিটাল রেজিস্ট্রেশনে সহায়তা দিতে ‘UMEED হেল্পলাইন’ চালু করল জামাআতে ইসলামী হিন্দ-এর পশ্চিমবঙ্গ শাখা। ওয়াকফকৃত সম্পত্তির নির্ভুল ও ডিজিটাল রেজিস্ট্রেশন নিশ্চিত করতে জামাআতে ইসলামী হিন্দ রাজ্য শাখা শুক্রবার ১৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চালু করল ‘UMEED পোর্টাল হেল্পলাইন’ পরিষেবা। ওয়াকফ সম্পত্তির মুতাওয়াল্লির রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় সহায়তা দিতে এই হেল্পলাইন কার্যকর ভূমিকা পালন করবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া, নথি আপলোড ও প্রযুক্তিগত সহায়তার জন্য প্রতিদিন যোগাযোগ করা যাবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন সম্পন্ন করার শেষ তারিখ ৫ ডিসেম্বর ২০২৫। তাই যত শীঘ্র সম্ভব সবাই রেজিস্ট্রেশন করতে পারেন, সেই উদ্দেশ্যে এই হেল্পলাইন চালু করা হল।

হেল্পলাইন উদ্বোধন করেন মারকাযি সেক্রেটারি মাওলানা আব্দুর রফিক ও রাজ্য সভাপতি ডাঃ মসিহুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিভাগীয় সম্পাদক শাদাব মাসুম, মুস্তাফিজুর রহমান ও সাবির আলী প্রমুখ।
আমীরে হালকা ডাঃ মসিহুর রহমান বলেন, “ওয়াকফ সম্পত্তি আমাদের সামাজিক ও ধর্মীয় ঐতিহ্যের মূল্যবান সম্পদ। এর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এবং এটি ওয়াকফ সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করে। যারা নতুন এই প্রক্রিয়ায় অসুবিধা অনুভব করছেন, তারা হেল্পলাইনের মাধ্যমে সব ধরনের নির্দেশনা ও সাহায্য পাবেন।”








