প্রতিবেশীর অধিকার: মিডিয়া গেট টুগেদার
নতুন পয়গাম, কলকাতা:
প্রতিবেশীর অধিকার প্রচারাভিযানকে সামনে রেখে জামাআতে ইসলামী হিন্দ রাজ্য শাখার পক্ষ থেকে শুক্রবার কলকাতায় এক মিডিয়া গেট-টুগেদার এর আয়োজন করা হয়। ২১ থকে ৩০ নভেম্বর সারা দেশব্যাপী চলমান ‘প্রতিবেশীর অধিকার’ শিরোনামে প্রচারাভিযান উপলক্ষে রাজ্য জামাআতের পক্ষ থেকে সাংবাদিক ও মিডিয়া বন্ধুদের নিয়ে এই অভিনব মত বিনিময়ের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আব্দুর রফিক, রাজ্য সভাপতি ডাঃ মসিহুর রহমান, রাজ্য বিভাগীয় সম্পাদক শাদাব মাসুম, মুস্তাফিজুর রহমান ও সাবির আলী প্রমুখ।
কেন্দ্রীয় সম্পাদক আব্দুর রফিক সাহেব বলেন, “ইসলামে প্রতিবেশীর অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ (সা.) প্রতিবেশীর অধিকারকে এমন মর্যাদা দিয়েছেন যে, সাহাবীগণ আশঙ্কা করেছিলেন, হয়ত প্রতিবেশীকেও সম্পত্তির উত্তরাধিকার ঘোষণা করা হবে।” তিনি উল্লেখ করেন, মুসলিম বা অমুসলিম যেই হোন, প্রত্যেক প্রতিবেশীর উপর আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব কর্তব্য রয়েছে। শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য প্রতিবেশীর নিরাপত্তা, মর্যাদা ও সহযোগিতা অপরিহার্য।
রাজ্য সভাপতি ডাঃ মসিহুর রহমান বলেন, “বিভক্ত, উত্তেজনাপূর্ণ সামাজিক পরিবেশে প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল আচরণই পারে সহমর্মিতা ও সম্প্রীতির দৃঢ় ভিত্তি তৈরি করতে। জামাআতের উদ্যোগে এই দেশব্যাপী প্রচারাভিযানের মাধ্যমে মানুষকে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থান সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি মিডিয়ার গঠনমূলক ভূমিকার কথা উল্লেখ করে বলেন, মিডিয়ার দায়িত্ব শুধুমাত্র সংবাদ পরিবেশন নয়; বরং মানবিকতার মূল্যবোধকে শক্তিশালী করা।”








