রসগোল্লা দিবস পালন চুঁচুড়ায়, ৫০ হাজার রসগোল্লা চেটেপুটে খেল শহরবাসী
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলিঃ
রসগোল্লার জি আই স্বীকৃতির অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষ্যে শুক্রবার রসগোল্লা দিবস পালন করল সতন্ত্র হুগলি জেলা মিস্টান্ন ব্যবসায়ী সমিতি। এদিন এই উপলক্ষ্যে চুঁচুড়ার ঘড়ির মোড়ে শহরবাসীর হাতে প্রায় ৫০ হাজার রসগোল্লা বিতরণ করা হয়। দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে শহরবাসী চেটেপুটে উপভোগ করেন খাঁটি বাংলার মিষ্টির স্বাদ।
প্রসঙ্গত, ‘রসগোল্লা তুমি কার?’ এই নিয়ে ওড়িশা ও বাংলার মধ্যে দীর্ঘ আট বছর আইনি লড়াইয়ের পর রসগোল্লার জি আই ট্যাগ পায় বাংলা। সেই স্মরণে এদিনের অনুষ্ঠানে উপস্থিত চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, মিষ্টান্ন ব্যবসায়ী শৈবাল মোদক, অমিতাভ দে-সহ অন্যান্যরা। তাঁরা বলেন, আমরা সকলে মিলে এই দিনটিকে আনন্দের সঙ্গে পালন করি। আগামী দিনেও এভাবে রসগোল্লা বিলি করা হবে। খুব শিগগিরই বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমেও মিষ্টি পৌঁছে দেওয়া হবে।”
মিষ্টি খেলেই যে ডায়বেটিস হয়—এ ধারণা ভাঙিয়ে ব্যবসায়ীরা জানান, নিয়ন্ত্রণহীন বেশি মিষ্টি খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে ঠিকই, তবে পরিমিত মিষ্টি খাওয়া ক্ষতিকর নয়। তাই সচেতনতার বার্তা—মিষ্টি খাবেন, তবে মেপে।
উল্লেখ্য, আজ ছিল নবীন দাসের জন্মদিন। যিনি প্রথম রসগোল্লা তৈরি করেছিলেন বলে ধরে নেওয়া হয়। পাশাপাশি একই দিনে ডায়াবেটিক ডে এবং শিশু দিবসও পালিত হয়। এই দিনে শহরের একাধিক শিশু খুশি মনে রসগোল্লা খেয়ে দিনটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে।







