৩৯ মাস পর মুক্ত পার্থ চট্টোপাধ্যায়
নতুন পয়গাম, কলকাতা:
দীর্ঘ ৩৯ মাস বা তিন বছর তিন মাস পর অবশেষে জেল থেকে মুক্তি পেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকেই তিনি বিচারাধীন ছিলেন। গত কয়েক মাস ধরে অসুস্থতার কারণে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রায় ২০০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ১১ নভেম্বর জামিনের শর্ত পূরণ করে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন পার্থবাবু। বাড়ি ফেরার পর নাকতলায় তাঁর বাসভবনের সামনে সমর্থকদের ভিড় জমে যায়।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অভিযোগ করেছেন, “এই দুর্নীতি শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের নয়, এটি তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক দুর্নীতির অংশ। আশা করি, তিনি এখন সত্য প্রকাশ করবেন।” অন্যদিকে তৃণমূলের একাংশ দাবি করেছে, পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে আইন মেনে লড়েছেন এবং অবশেষে আদালতের নির্দেশেই জামিন পেয়েছেন।

২০১১ থেকে ২০২১ পর্যন্ত রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২২ সালের জুলাই মাসে ইডি তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও গয়না উদ্ধার করার পর তাঁকে গ্রেপ্তার করে। পরে সিবিআইও মামলায় হস্তক্ষেপ করে এবং তদন্ত শুরু করে। তাঁর একাধিক জামিন আবেদন কলকাতা হাইকোর্টে খারিজ হলেও চলতি বছর আগস্টে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি শেষ হওয়ার পর তাঁকে জামিন দেওয়া যেতে পারে। সেই অনুযায়ী নভেম্বরের শুরুতেই আদালত তাঁকে মুক্তির অনুমতি দেয়।








