স্বয়ংক্রিয় পুর-মিউটেশন চালু হচ্ছে রাজ্যে
নতুন পয়গাম, কলকাতা:
রাজ্য সরকার পুর-মিউটেশন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এক নতুন স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এবার থেকে সম্পত্তি কেনার সময়েই রেজিস্ট্রেশন সম্পন্ন হলে সংশ্লিষ্ট পুরসভার নথিতে নতুন মালিকের নাম আপনা হতেই নথিভুক্ত হবে; আলাদা করে মিউটেশনের জন্য আবেদন করার প্রয়োজন থাকবে না।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর, অর্থ দফতরের ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি এবং রাজ্যের সব পুরসভা মিলে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করতে চলেছে। ইতিমধ্যেই কলকাতা পুরসভা ও নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)-কে রেজিস্ট্রেশন ডিরেক্টরেটের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে নথি যাচাই দ্রুত ও নির্ভুলভাবে হবে।
এখন যেটা চালু আছে, তা হল রেজিস্ট্রেশন হয়ে গেলেও আলাদা করে মিউটেশনের জন্য আবেদন করতে হয়; আবেদনকারীকে দলিল, আগের মালিকের রসিদ, পরিচয়পত্র ইত্যাদি জমা দিতে হয়। অনলাইন সুবিধা থাকলেও অনেক সময় পৃথক আবেদন এড়িয়ে যাওয়ার কারণে পুরসভার ডেটাবেসে পুরনো মালিকের নাম থেকেই যায়। ফলে রাজস্ব ক্ষতি ও নতুন মালিকের জন্য জটিলতা তৈরি হয়।
প্রশাসনিক তথ্য মতে, গত দু-বছরে অনলাইনে প্রায় ৩ লক্ষ ৫২ হাজার ৬৩৫টি পুর-মিউটেশন সম্পন্ন হয়েছে। তবে কর্মকর্তারা মনে করেন, এই সংখ্যা আরও বেশি হওয়া উচিত ছিল। তাই স্বয়ংক্রিয় মিউটেশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমি দফতরের মতোই পুর-মিউটেশনে এই সুবিধা যুক্ত হলে নাগরিকদের ঝামেলা কমবে এবং পুরসভার রাজস্ব আদায়ও আরো স্বচ্ছ ও কার্যকর হবে বলে আশাবাদী রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।








