এসআইআর: ফর্মের জন্য টাকা দাবি? ৫ বিএলও-র নামে এফআইআর, শোকজ ৮ জনকে
নতুন পয়গাম, কলকাতা:
এসআইআর নিয়ে এবার নতুন অভিযোগ উঠল বিএলওদের বিরুদ্ধে। কোথাও কোথাও বিএলওরা নাকি এনুমারেশন ফর্ম এর জন্য মানুষের কাজে টাকা নিচ্ছেন বা দাবি করছেন। এর আগে অভিযোগ উঠেছিল, বাড়ি বাড়ি না গিয়ে রাস্তাঘাটে যত্রতত্র ফর্ম বিলি করা হচ্ছে বলে। সব মিলিয়ে কড়া পদক্ষেপ করতে বাধ্য হল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, বাড়ি বাড়ি যেতেই হবে বিএলওদের।
সূত্রের খবর, জলপাইগুড়ি থেকে সরাসরি কমিশনের হেল্পলাইন নম্বরে ফোন করে কিছু বিএলওর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা নাকি ফর্মের বিনিময়ে টাকা চাইছেন। এই চাঞ্চল্যকর অভিযোগের তদন্ত করার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও অফিসকে বলা হয়েছে, সংশ্লিষ্ট ইআরওকে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়ার জন্য। এমনিতেই রাজ্যের নানা প্রান্ত থেকে নানারকম অভিযোগ আসতে থাকায় শনিবার থেকে বিএলওদের উপর নজরদারি চালাতে বিশেষ সেল চালু করেছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস। চালু করা হয়েছে নয়া কন্ট্রোল রুমও।
সেখানে টোল ফ্রি নম্বরে ফোন করে বিএলওদের কার্যকলাপ নিয়ে অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ। দৈনন্দিন কাজের অগ্রগতি বিষয়ে রিপোর্ট চাওয়া হবে সংশ্লিষ্ট ইআরও-র থেকেও। তবে ফর্ম বিক্রির অভিযোগ এসেছে ২০ থেকে ৫০ টাকার মধ্যে। মানুষের প্রশ্ন অল্প হলেও কেন টাকা চাওয়া হবে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, অভিযোগ সত্যি হলে এটা পুরোপুরি বেআইনি কাজ। ফর্ম ছাপানোর জন্য সম্পূর্ণ খরচই বহন করা হচ্ছে প্রশাসনের তরফে। একেবারে বিনামূল্যে প্রত্যেক ভোটারকে দু’ কপি করে ফর্ম দেওয়ার কথা। সেই মতো নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক বিএলওকে। এবিষয়ে রাজ্য কমিশন থেকে বলা হয়ে ছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে রাস্তাঘাটে দাঁড়িয়ে এনুউমারেশন ফর্ম বিলির অভিযোগে ইতিমধ্যেই ৮জন বিএলওকে শোকজ করেছে কমিশন। তাদের দেওয়া জবাবে সন্তুষ্ট না হলে শাস্তিমূলক পদক্ষেপ করা হতে পারে। সেক্ষেত্রে দোষী প্রমাণ হলে চাকরিতে ডিমোশন বা নিম্নতর পদে নামিয়ে দেওয়া, বেতনে কোপ এবং চাকরি থেকে বহিষ্কারের মতো চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও থাকছে। সুতরাং বিএলওদের সাবধান সতর্ক থাকতে বলেছে কমিশন।
সূত্রের খবর, বিহারে প্রায় ৫০০ জন বিএলওর বিরুদ্ধে শোকজ এবং এফআইআর হয়েছে। এরাজ্যেও কর্তব্যে গাফিলতি বা অনিয়মের ক্ষেত্রে কোনও রেয়াত করা হবে না বলে জানিয়েছে কমিশন। এমনকি বিএলওর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ প্রমাণ হলে এফআইআর করবে কমিশন। শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় পাঁচ জন বিএলএ’র বিরুদ্ধেও এফআইআর হয়েছে বলে শোনা যাচ্ছে।








