ফর্ম ছাপানো হয়েছে ৯৭.৫০ শতাংশ, বাকিরা তীর্থের কাক; এনুমারেশন ফর্ম অপ্রতুল, ১৫ তারিখ পর্যন্ত সময় চেয়ে আর্জি কমিশনের কাছে
নতুন পয়গাম, কলকাতা:
মঙ্গলবার ৪ নভেম্বর থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া মাঠ পর্যায়ে শুরু হয়েছে। ওইদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি শুরু করেন বিএলওরা। এই পর্ব শেষ করতে হবে মাত্র এক সপ্তাহের মধ্যে। ১১ নভেম্বর শেষ হবে এটা। কিন্তু ফর্ম বিলি শুরু হওয়ার চারদিন পরে রাজ্যজুড়ে যে চিত্র সামনে এসেছে, তাতে বিষয়টি নিয়ে সন্দিহান বিএলওরাই। কারণ, বহু ভোটারের ফর্মই এখনও এসে পৌঁছয়নি তাঁদের হাতে। অনেক ঢালঢোল পিটিয়ে এসআইআর শুরু করে মাত্র এক সপ্তাহ ফর্ম বিলির সময় বেঁধে দেওয়া হলেও চার দিনেই সব শেষ। ফর্ম পাচ্ছেন না অনেকেই।
প্রয়োজনের তুলনায় অপ্রতুল ফর্মের কারণে নতুন করে আতঙ্ক, উদ্বেগ ছড়াচ্ছে ভোটারদের মধ্যে। পাবলিকের জবাব দিতে দিতে জেরবার হচ্ছেন বিএলওরা। সময়মতো ফর্ম না মেলায় সমগ্র প্রক্রিয়া নির্দিষ্ট সময়ে শেষ করা যাবে না বলেই অনেকের অনুমান। এই প্রেক্ষিতে শনিবার ভোটকর্মী এবং বিএলওদের তরফে একযোগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দেওয়া হয়েছে। তাঁদের আর্জি, ফর্মের সংখ্যা কম হওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে তা সুষ্ঠুভাবে সবাইকে বিলি করতে পারেননি বিএলওরা। অথচ বিএলওদের প্রশিক্ষণের সময় বলা হয়েছিল ১১ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে ফর্ম বিলি। তাই এই নির্ধারিত সময়সীমা বাড়িয়ে ১৫ নভেম্বর করার দাবি জানানো হয়ে ছে।
চলতি বছরের তালিকা অনুযায়ী এরাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। ইতিমধ্যে ৭ কোটি ৪৭ লক্ষ ২৫ হাজার ৩০৫ এনুমারেশন ফর্ম ছাপা হয়েছে। অর্থাৎ ৯৭.৫০ শতাংশ। বাকি আড়াই শতাংশ ফর্ম কবে আসবে, কবেই পাবেন ভোটদাতারা? সবাই এখন তীর্থের কাক।








