এসএসসির ওয়েবসাইটে বিভ্রাট, পরদিনও রেজাল্ট দেখতে পেলেন না অনেকে
নতুন পয়গাম, কলকাতা:
শুক্রবার যথারীতি এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। কিন্তু সার্ভার ডাউন, লিঙ্ক ফেলিওর ইত্যাদি কারণে বহু চাকরীপ্রার্থী তাদের রেজাল্ট দেখতে পাননি। এসএসসি-র ওয়েবসাইটে বিভ্রাটের কারণেই মূলত এটা হয়েছে। তারপর ২৪ ঘণ্টা কেটে গেলেও সমস্যার সমাধান বা সুরাহা হয়নি। শুক্রবার রাতে ফলপ্রকাশ হলেও শনিবারেও অনেকেই জানতে পারেননি তাদের রেজাল্ট।
এমতাবস্থায় এসএসসি-র হেল্পডেস্ক বলে যে বিকল্প ওয়েবসাইট রয়েছে, শনিবার সকালে সেখানেও ফলাফলের লিঙ্ক দেওয়া হয়। প্রথমদিকে কিছুক্ষণ সেটি ঠিকঠাকই চলেছিল। কিন্তু তারপর সেটিও অচল হয়ে গেলে বহু চাকরিপ্রার্থী শনিবারেও তাদের রেজাল্ট দেখতে পারেননি। স্বভাবতই তাঁদের উৎকণ্ঠা বাড়ছে। এসএসসি পরীক্ষার্থীদের বক্তব্য, ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আড়াই লক্ষ পরীক্ষার্থী ওয়েবসাইটে ঢোকার জন্য হুড়োমুড়ি করবেন, এটা তো স্বাভাবিক। সবাই তারা এতদিন হাপিত্যেশ করছিলেন। এটা তো কমিশনের অজানা নয়। তাহলে কর্তৃপক্ষ কেন আগাম ব্যবস্থা নেননি। তাঁদের অভিযোগ, ওয়েবসাইট ডাউন থেকে শুরু করে পুরো সার্ভারই ক্র্যাশ করে গিয়েছে। তাহলে কেন আগেভাগে সার্ভারের ক্যাপাসিটি ডেভেলপ করা হয়নি?
ফলে বিশেষ করে আদালতের রায়ে চাকরিহারা প্রার্থীদের পাশাপাশি নতুনরাও কিছু বুঝে উঠতে পারছেন না। তারা আদৌ পাশ করেছেন কিনা, পাশ করলেও ইন্টারভিউয়ে ডাক পাবেন কি না — এসব নানা যৌক্তিক প্রশ্ন তাদেরকে কুরে কুরে খাচ্ছে। ঘর পোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখে ভয় পায়, তেমনই অবস্থা এসএসসি পরীক্ষার্থী বা চাকুরি প্রার্থীদের। তবে ইন্টারভিউয়ের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এসএসসি ১২ নভেম্বর কলকাতা হাইকোর্টের নির্দেশের জন্য অপেক্ষা করবে বলে জানা গিয়েছে।








