এসআইআর: অনলাইনে ফর্ম পূরণে চাই ভোটার-মোবাইল লিঙ্ক
নতুন পয়গাম, কলকাতা:
আজ শনিবার থেকেই অনলাইনে এসআইআর সংক্রান্ত এনুমারেশন ফর্ম দেওয়া শুরু হল। ফলে এদিন থেকেই ভিন রাজ্য বা বিদেশে থাকা বাঙালিদের হিড়িক পড়ে গিয়েছে অনলাইনে ফর্ম পূরণে। কিন্তু প্রথম দিনেই দেখা যায়, ফর্ম পূরণ করতে গিয়ে হোঁচট খেতে হয়েছে বহু মানুষকে। নির্বাচন কমিশনের ওয়েব পোর্টাল voters.eci.gov.in-এ এপিক বা ভোটার কার্ডের নম্বর অথবা ই-মেইল আইডি কিংবা ফোন নম্বর ইত্যাদি দিয়ে লগ-ইন করে কিছুদূর এগোনোর পরেই থমকে যেতে হয়েছে অনেককে। খেই খুঁজে পাচ্ছেন না তারা। কারণ, ভোটার কার্ড এর সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক বা সংযোগ না করা থাকলে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করা সম্ভব নয়। সেক্ষেত্রে প্রথমে ৮ নং ফর্ম পূরণ করে ফোন নম্বর লিঙ্ক করার জন্য আবেদন করতে হবে।
রাজ্য মুখ্য নির্বাচন কমিশনের অফিস জানাচ্ছে, সঙ্গে সঙ্গে এই আবেদন মঞ্জুর হবে। তারপর অনলাইনে পূরণ করা যাবে মূল এনুমারেশন ফর্ম। অনলাইনে ফর্ম পূরণের ক্ষেত্রে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকাও আবশ্যিক। আধার এবং ভোটার কার্ডে নামের বানানে পুরোপুরি মিল থাকতে হবে, নামের বানানে পার্থক্য থাকা চলবে না। এসব বিষয়গুলি ঠিকঠাক থাকলে কয়েক মিনিটেই অনলাইনে ফর্ম পূরণ করা সম্ভব বলে জানিয়েছে কমিশন।
কমিশনের ভোটার্স সার্ভিস পোর্টালে লগ-ইন করে মোবাইল নম্বর দিলেই আসবে ওটিপি। যার মাধ্যমে প্রাথমিক যাচাইয়ের পর ‘রাজ্য’ বেছে নেওয়ার অপশন পাবেন আবেদনকারীরা। তারপর আবারও একবার ভেটার কার্ডের নম্বর দিলে কম্পিউটার বা মোবাইলে ভোটারের নাম, এপিক নম্বর, পার্ট নম্বর ও নাম, ক্রমিক নম্বর, বিধানসভা কেন্দ্রের নাম ও নম্বর সবকিছু চলে আসবে। এই সমস্ত তথ্য ঠিকঠাক আছে কি না মিলিয়ে নিয়ে ফের একবার ফোন নম্বর যাচাই করা হবে ওটিপি পাঠিয়ে। সেই ওটিপির নম্বর দিয়ে যাওয়া যাবে ফর্ম পূরণের মূল পেজে। সেখানে গিয়ে ২০০২ সালের এসআইআর তালিকা মিলিয়ে সমস্ত তথ্য এবং আধার লিঙ্ক করা ফোন নম্বর উল্লেখ করলে সম্পন্ন হবে এসআইআর প্রক্রিয়া। কমিশনের তরফে জানানো এসব ঠিকঠাক করলে অনলাইনে ফর্ম পূরণ করায় আর কোনো অসুবিধা বা সমস্যা থাকবে না।








