বারুইপুরে শুরু হল একমাসের জন্য রাজধানী সার্কাস
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, বারুইপুরঃ
শীতের আগমন মানেই উৎসব-উল্লাস, মেলা ও বিনোদনের সময়। সেই আমেজে এবারও বারুইপুর রাসমাঠে শুরু হয়েছে রাজধানী সার্কাসের একমাসব্যাপী আয়োজন। ঐতিহ্যবাহী রায়চৌধুরিদের তিনশো বছরের প্রাচীন রাসযাত্রা উপলক্ষে আয়োজিত রাস উৎসবকে কেন্দ্র করে শুরু হয়েছে এই মেলা, যার মূল আকর্ষণ নিঃসন্দেহে সার্কাস।
বর্তমানে পশু-পাখীবিহীন হলেও সার্কাসের প্রতি মানুষের আগ্রহ একটুও কমেনি। দক্ষ পারফর্মারদের কসরত, মূকাভিনয়, জিমন্যাস্টিকস, রশির খেলা, ভাঁড়ের কৌতুক—সব মিলিয়ে প্রতিদিনের তিনটি শোতে দর্শকরা পাচ্ছেন নির্মল বিনোদনের রেশ।
শুক্রবার সন্ধ্যায় বারুইপুর রাসমাঠে রাজধানী সার্কাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাসসহ পৌরসভার একাধিক কাউন্সিলর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “ছোটবেলা থেকেই সার্কাস আমার প্রিয়। বারুইপুরের সঙ্গে সার্কাসের এক গভীর ঐতিহ্য রয়েছে। বিনোদনের এই শিল্পকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। সবাই আসুন, সার্কাস দেখুন ও আনন্দ উপভোগ করুন।”
রাজধানী সার্কাসের ম্যানেজার নুর ইসলাম মণ্ডল জানান, নতুন নতুন চমক এবং আধুনিক উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মন জয় করতেই তাদের এই বছরের প্রস্তুতি। প্রতিদিন বিকেল, সন্ধ্যা ও রাত— এই তিনটি শো চলবে আগামী এক মাস ধরে।
প্রতিদিনের ব্যস্ত জীবনে একটু নির্মল বিনোদনের খোঁজে যারা রয়েছেন, বারুইপুরের রাসমাঠের রাজধানী সার্কাস হতে পারে তাদের জন্য এই শীতের সেরা গন্তব্য।







