আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় ইসলামী বক্তৃতা ও নাত প্রতিযোগিতায় উচ্ছ্বাস ছাত্রদের মধ্যে
নতুন পয়গাম, রায়গঞ্জঃ
উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের বাজারগাঁও অঞ্চলের হারভাঙ্গায় দারুল উলূম আশরাফিয়া আজীযুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর ইসলামী বক্তৃতা ও নাত প্রতিযোগিতা। তিনটি ভাষায়—আরবি, ইংরেজি ও উর্দু—এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাদ্রাসার ছাত্ররা তাদের অসাধারণ দক্ষতা ও আত্মপ্রকাশের প্রতিভা প্রদর্শন করেন।
প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল ছাত্রদের মধ্যে ইসলামী জ্ঞান, কিরাত, নাত পাঠ ও বক্তৃতা চর্চার আগ্রহ সৃষ্টি করা। অংশগ্রহণকারীদের চমৎকার উপস্থাপনা, মনোমুগ্ধকর কণ্ঠে কুরআন তেলাওয়াত ও হৃদয়গ্রাহী নাত পাঠে মুগ্ধ হয়ে পড়েন উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা।
দারুল উলূম আশরাফিয়া আজীযুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রদের ভাষাগত দক্ষতা ও মেধার বিকাশ যেমন ঘটেছে, তেমনি ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি তাদের আগ্রহও আরও গভীর হয়েছে।
অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজন, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত থেকে ছাত্রদের উৎসাহিত করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এই ধরনের শিক্ষামূলক ও ধর্মীয় প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজন করা হবে, যাতে ধর্মীয় শিক্ষা ও আধুনিক জ্ঞানের মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় থাকে।








