জাতীয় সংগীত বিতর্কে বন্দেমাতরম-এর ১৫০ বছর
নতুন পয়গাম, নয়াদিল্লি:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দেমাতরম-এর সার্ধশতবর্ষ উদ্যাপন শুরু হচ্ছে আজ শুক্রবার। কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে এই কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী। বিশেষ ডাকটিকিট ও স্মারক মুদ্রা প্রকাশসহ দেশজুড়ে বিভিন্ন আয়োজন হবে। ১৯৫০ সালে বন্দেমাতরম এর জাতীয় সংগীত জন গণ মন অধিনায়ক-এর সমমর্যাদা দেওয়া হয়। আসন্ন বিধানসভা ভোটের আগে এই উদযাপনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উতোরও বাড়ছে।
এদিকে, কর্ণাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি দাবি করেছেন, জন গণ মন অধিনায়ক নাকি তদানীন্তন ব্রিটিশ রাজাকে তুষ্ট করতে রচিত হয়েছিল। তাঁর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস ও তৃণমূল। বিরোধীদের অভিযোগ, জাতীয় সংগীত অবমাননার ভিতে দাঁড়িয়ে বন্দেমাতরম নিয়ে রাজনীতি করছে বিজেপি।
অন্যদিকে ইতিহাসবিদরা মনে করিয়ে দিচ্ছেন, ১৯১১ সালের কংগ্রেস অধিবেশনে প্রথম গাওয়া হয় জন গণ মন অধিনায়ক জয় হে। রবীন্দ্রনাথ পরবর্তী সময়ে লিখেছিলেন, গানটি কোনও রাজা বা জর্জের স্তবগাথা নয়, ভারতের ভাগ্যবিধাতাকে উদ্দেশ্য করে রচিত।








