এসআইআরে ২৩ বছর আগের তথ্য কেন? নির্বাচন কমিশনকে তলব কলকাতা হাইকোর্টের
নতুন পয়গাম, কলকাতা:
ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর নিয়ে বিতর্কের মাঝে জাতীয় নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের প্রশ্ন, কেন ২০০২ সালের পুরনো তথ্যের ওপর ভিত্তি করে এসআইআর প্রক্রিয়া চলছে? ১৮ নভেম্বরের মধ্যে এ বিষয়ে কমিশনকে স্পষ্ট ব্যাখ্যা সহ জবাব দিতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
মামলাকারী পক্ষের দাবি, বর্তমান ২০২৫ সালের তালিকা ধরে এসআইআর হওয়া উচিত। এক্ষেত্রে নির্বাচন কমিশনের বক্তব্য, ২০০২ সালে শেষ এসআইআর হয়েছিল বলে সেখানকার তালিকাভুক্ত ভোটারদের নতুন নথি দিতে হচ্ছে না। মূল রিভিশন বা পরিমার্জনের কাজ ২০২৫ সালের তালিকা ধরেই হচ্ছে।
বিএলওদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে আদালতে। তবে হাইকোর্ট জানায়, সরকার সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করবে, অতিরিক্ত নির্দেশের প্রয়োজন নেই। কমিশনের আইনজীবী জানান, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই রিট পিটিশন গ্রহণযোগ্য নয় বলেই তাঁদের অভিমত। ১৮ নভেম্বর পরবর্তী শুনানি। এর মধ্যে বিএলওদের কাজের গতি বাড়াতে এবং এসআইআর প্রচার জোরদার করতে নির্দেশ দিয়েছে কমিশন।








