ভান্ডারহাটি তিলক সাধারণ পাঠাগারে শতবর্ষের আলোকে স্মরণিকা প্রকাশ
নতুন পয়গাম, ধনিয়াখালি:
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের ভান্ডারহাটি তিলক সাধারণ পাঠাগারের উদ্যোগে পাঠাগারের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল “শতবর্ষের আলোকে স্মরণিকা” প্রকাশ অনুষ্ঠান। শতবর্ষের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে গুণীজন ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে জমে উঠেছিল অনুষ্ঠানমঞ্চ।
ভান্ডারহাটির সংগীত সপ্তপর্ণীর সদস্যা ছন্দের উদ্বোধনী সমবেত সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার রঞ্জিত হালদার, সাহিত্যিক জারিফুল হক, শিক্ষাবিদ অমরনাথ মণ্ডল ও চন্দন হালদার, লেখিকা অমিয়া বন্দ্যোপাধ্যায় ও শুভ্রা ঘোষ দে, সাংবাদিক বিদ্যুৎ ভৌমিক, পাঠাগারের সম্পাদক দীনবন্ধু ঘোষ এবং সভাপতি রজত চৌধুরী প্রমুখ।
অতিথিরা এদিন আনুষ্ঠানিকভাবে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে কবিতা, আবৃত্তি, সংগীত, নৃত্য ও শ্রুতি নাটক পরিবেশিত হয়। স্বরচিত কবিতা পাঠ করেন চপল চ্যাটার্জি, গৌরী মুখার্জি ও শেখ সিরাজ। নৃত্য পরিবেশনে পরী মজুমদার, অনুশ্রী চক্রবর্তী, অশোকা ঘোষাল ও তৃষিতা দে দর্শকদের মুগ্ধ করেন।
স্বাগত ভাষণ দেন পাঠাগারের গ্রন্থাগারিক তরুণ দত্ত। বক্তব্য রাখেন রঞ্জিত হালদার, জারিফুল হক ও দীনবন্ধু ঘোষ। পুরো অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন চন্দন হালদার।







