বারুইপুরে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাংগঠনিক সভা ও তিলোত্তমা মজুমদারের মুসলিমবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে প্রেস মিট
নতুন পয়গাম, বারুইপুর:
বুধবার বারুইপুরের অনিমা ভবনে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের উদ্যোগে এক সাংগঠনিক সভা ও প্রেস মিট অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন এবং পরিচালনা করেন কার্যকরী সভাপতি আব্দুর রউফ। উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব, বিশিষ্ট সমাজকর্মী এবং বিভিন্ন ধর্মাবলম্বী গুণীজন।
সভায় নেতৃত্ববৃন্দ বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তাঁরা বলেন, “SIR” নামে সাধারণ মানুষকে আতঙ্কিত করে মৃত্যুমিছিলের দিকে ঠেলে দেওয়া এক গভীর সামাজিক বিপদ, যা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। একইসঙ্গে গত ২৮ অক্টোবর এবিপি আনন্দ টিভির “ঘন্টাখানেক সঙ্গে সুমন” অনুষ্ঠানে লেখিকা তিলোত্তমা মজুমদারের মুসলিমবিদ্বেষী মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা জানান, এমন ঘৃণামূলক বক্তব্য সমাজে বিভাজন তৈরি করে এবং সংবিধানের মৌলিক মূল্যবোধের পরিপন্থী। তাঁরা লেখিকার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সভায় দলিত, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এবং রাজ্য সরকারের কাছে এই ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়। পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায়ের জন্য বারুইপুর এলাকায় একটি কবরস্থান (burial place) প্রদানের দাবি জানানো হয়। নারী নির্যাতনের ঘটনাবলিরও কড়া সমালোচনা করে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সমাজের সক্রিয় ভূমিকার উপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, সহিষ্ণুতা এবং সংবিধান রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দেন। সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর জাহান আলী পুরকাইত সভার আলোচ্যসূচি উপস্থাপন করে সামগ্রিক পরিস্থিতির বিশ্লেষণ করেন।
উল্লেখযোগ্য উপস্থিতদের মধ্যে ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, সহ-সভাপতি এ.কে.এম. গোলাম মর্তজা, প্রাক্তন স্কুল ডি.আই (S/E) নজরুল হক সিপাই, প্রফেসর সালেহা ম্যাডাম, পাস্টর শ্যামল ঘড়ুই, ফাদার দেবাশীষ আড্ডি, অভিজ্ঞ সমাজকর্মী আঃ রহমান সাহেব, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, তন্ময়, জয়দেব রায়, রেজাউল ইসলাম, স্রাবন্তি জানা প্রমুখ।
এদিন সভায় সংগঠনের বারুইপুর ব্লক কমিটি গঠন করা হয়। সাধারণ সম্পাদক পরবর্তী সভার দিন নির্ধারণ ও আসন্ন কর্মসূচির ঘোষণা করেন। সভাপতি মাওলানা মোজাফফর হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।








