কালিয়াচকের ঘরে ঘরে বোম’ মন্তব্যে তোলপাড়! বিধায়িকার বিরুদ্ধে থানায় অভিযোগ
আবু রাইহান, নতুন পয়গাম, কালিয়াচক:
গত শনিবার এক টেলিভিশন চ্যানেলের আলোচনায় ইংরেজবাজার বিধানসভার বিধায়িকা শ্রীরূপা মিত্রর মন্তব্য ঘিরে উত্তাল কালিয়াচক। আলোচনায় তিনি বলেন, “কালিয়াচকের প্রতিটা ঘরে ঘরে বোম থাকে, এমনকি বাচ্চারাও বোম নিয়ে খেলা করে। কথায় কথায় কালিয়াচকের মানুষ বলে— ‘কাইট্টা ফ্যালাইন দিব’।’’
এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার বিশিষ্ট সমাজসেবীরা ও স্থানীয় যুবসমাজ। তাঁদের অভিযোগ, বিধায়িকার এই মন্তব্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিশিষ্ট সমাজসেবী আলমগীর খান বলেন, “শ্রীরূপা মিত্রর বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। সামনে বিধানসভা ভোট—নিজেকে প্রচারে আনতেই এমন অপ্রীতিকর মন্তব্য করেছেন তিনি। কালিয়াচক আজ উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ ব্যবসায়িক কেন্দ্র। প্রতিবছর শতাধিক ছাত্রছাত্রী ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জেলার সেরাদের মধ্যে রয়েছে এখানকার ছাত্রছাত্রীরা।”
তিনি আরও বলেন, “আম, লিচু, রেশম, পাটচাষে কালিয়াচক রাজ্যজুড়ে পরিচিত। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলাধুলায় সুনাম অর্জন করছে এখানকার তরুণ প্রজন্ম। পাশাপাশি বস্ত্র ও প্লাস্টিক রিসাইক্লিং শিল্পে কালিয়াচক আজ উত্তরবঙ্গের অগ্রগণ্য কেন্দ্র। অথচ এসব ইতিবাচক দিক নিয়ে একটিও কথা বলেননি তিনি, বরং কালিয়াচকের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন।”
আমরা চাই বিধায়িকা যেন প্রেস মিট করে কালিয়াচক বাসীর কাছে ক্ষমা চান । না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব ।
মোথাবাড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়িকা ও রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “ইনলিগ্যাল কাজ দেশের প্রতিটা প্রান্তেই হয়, বিজেপি শাসিত রাজ্যগুলোতেও হয়। কালিয়াচক মুসলিম প্রধান এলাকা বলেই বিজেপি ইচ্ছে করে এলাকাটিকে বদনাম করার চেষ্টা করছে। সামনে বিধানসভা ভোট, তাই এমন উল্টোপাল্টা মন্তব্য করা হচ্ছে।”








