দু-দিনের টোটো ধর্মঘট, সরকারি নির্দেশ মানতে নারাজ চালকরা! সমস্যায় নিত্য যাত্রীরা
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি
ধূপগুড়িতে প্রায় ৫০০০ টোটো, দু-দিনের টোটো ধর্মঘট, সরকারি নির্দেশ মানতে নারাজ চালকরা,সমস্যায় নিত্য যাত্রীরা। সরকারি নির্দেশিকা মেনে ১৭০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে নারাজ টোটো চালকরা। সেই কারণে দুদিনের টোটো ধর্মঘটের ডাক দিয়েছে টোটো সমন্বয় কমিটি। সোমবার ও মঙ্গলবার ধূপগুড়ি ব্লকের সমস্ত টোটো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধর্মঘটের প্রথম দিন সকাল থেকেই টোটো শূন্য ধূপগুড়ি শহর। রাস্তাঘাটে যানজটমুক্ত দৃশ্য, শহর যেন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। ধর্মঘটে শাসক দল তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্য টোটো চালক থেকে শুরু করে বিরোধী সংগঠনের চালকরাও অংশ নিয়েছেন।
ধূপগুড়ি শহরে বর্তমানে কমপক্ষে দুই হাজারেরও বেশি টোটো রয়েছে, আর শহর ও গ্রাম মিলিয়ে সেই সংখ্যা প্রায় পাঁচ হাজার। ফলে ধর্মঘটের প্রভাব পড়েছে গোটা এলাকার পরিবহন ব্যবস্থায়।
তবে ধর্মঘট সত্ত্বেও কিছু টোটো চালক নিজেদের ইচ্ছায় রাস্তায় নেমেছিলেন। অভিযোগ, তাঁদের অনেককেই জোরপূর্বক আটকে রাখা হয়েছে, এমন দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।
টোটো সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন না পর্যন্ত সরকারের পক্ষ থেকে রেজিস্ট্রেশন ফি কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ততদিন তাঁদের আন্দোলন চলবে। অন্যদিকে প্রশাসন বলেছে, বৈধ রেজিস্ট্রেশন ছাড়া টোটো চালানো আইনত অপরাধ।
এ নিয়ে শহর জুড়ে মিশ্র প্রতিক্রিয়া যাত্রীদের একাংশ অসুবিধার মুখে পড়লেও অনেকেই আইন অনুযায়ী রেজিস্ট্রেশনের পক্ষে মত দিয়েছেন।








