ধূপগুড়ি পৌর প্রশাসকের দায়িত্বে নতুন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি:
ধূপগুড়ি পৌর প্রশাসন বোর্ডের দায়িত্বভার গ্রহণ করলেন নতুন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা। রাজ্য সরকারের নির্দেশে গত ২৭ অক্টোবর ধূপগুড়ি পৌর প্রশাসক বোর্ড ভেঙে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে শেষবার ধূপগুড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর বোর্ডের মেয়াদ অনেক আগেই পেরিয়ে গেলেও নতুন ভোট হয়নি। এই অবস্থায় তৃণমূলের চার কাউন্সিলরকে নিয়ে প্রশাসক বোর্ড গঠন করে পৌরসভা পরিচালনা করা হচ্ছিল। তবে সম্প্রতি সেই বোর্ড ভেঙে দিয়ে পৌর প্রশাসনের দায়িত্ব সরাসরি মহকুমা শাসকের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার।
আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ধূপগুড়ির নতুন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা। দায়িত্ব নেওয়ার পর তিনি জানান, ধূপগুড়ি পৌরসভার সামনে এখন দুটি দপ্তর সম্মেলন ও প্রশাসনিক সংস্কারের বড় চ্যালেঞ্জ রয়েছে। তিনি আরও বলেন, “সাধারণ মানুষ যাতে পৌরসভায় এসে সঠিক পরিষেবা পান, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে।”
তবে তিনি কতদিন পর্যন্ত এই দায়িত্বে থাকবেন, তা এখনই স্পষ্ট নয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
শ্রদ্ধা সুব্বার দায়িত্ব গ্রহণের পর পৌরসভায় নতুন প্রশাসনিক অধ্যায় শুরু হলো এমনটাই মনে করছেন ধূপগুড়ির নাগরিক মহল।








