এসআইআর: আজ প্রেস ক্লাবে গণকনভেনশনের সাংবাদিক সম্মেলন
নতুন পয়গাম, কলকাতা:
এসআইআর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ জানাতে এবং ভোটার তালিকা পরিমার্জনে এই অভিসন্ধিমূলক প্রক্রিয়া বাতিলের দাবিতে আজ ৩ নভেম্বর সোমবার দুপুর তিনটায় কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করবে ‘এসআইআর বিরোধী গণকনভেনশন’। এতে উপস্থিত থাকবেন শক্তিমান ঘোষ, সুজাত ভদ্র, ডা. মসিহুর রহমান, অধ্যাপক দীপঙ্কর দে, ড. সিদ্ধার্থ গুপ্ত, প্রসূন ভৌমিক, সুবল সর্দার, ছোটন দাস প্রমুখ বিশিষ্টজন।
সংগঠনের মূল দাবিগুলো হল, এসআইআর-এর নামে ঘুরপথে এনআরসি বাতিল করতে হবে, দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন বাতিল করতে হবে, নির্বাচন কমিশনের চক্রান্তে পশ্চিমবঙ্গে চলমান মৃত্যুমিছিল বন্ধ করতে হবে। উদ্যোক্তা সংগঠনের কর্মকর্তাদের মতে, আগামীকাল মঙ্গলবার থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া পুরোদমে শুরু হবে। এইদিন থেকেই বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন বিএলও-রা। তার আগেই ইতিমধ্যে এসআইআর আতঙ্কে কেউ আত্মহত্যার চেষ্টা করছেন, কেউ-বা হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। এর জন্য দায়ী কে বা কারা। কেন আগে থেকে প্রস্তুতি নিয়ে এসআইআর করা হল না? বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেন তড়িঘড়ি এই প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন? এসআইআর কে করছে, নির্বাচন কমিশন নাকি শুভেন্দু অধিকারীরা? কেন তিনি ২ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার হুঁশিয়ারী দিয়ে রাজ্যবাসীকে ভীত-সন্ত্রস্ত করছেন। আজকের সাংবাদিক সম্মেলন থেকে এসব বিষয়েই আলোচনা করবেন বিদ্বজ্জনরা।








