কমিউনিস্ট নেতা অশ্বিনী রাজকে স্মরণ
সঞ্জয় মন্ডল, নতুন পয়গাম, বাঁকুড়া:
১৯৮৮ সালে প্রয়াত বড়জোড়া তথা বাঁকুড়া জেলার বিশিষ্ট কমিউনিস্ট নেতা এবং সিপিআই(এম)-এর অন্যতম জনপ্রিয় নেতৃত্ব অশ্বিনী রাজের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে এবছরও পালিত হল তাঁর প্রয়াণ দিবস। প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর ২৮শে অক্টোবর রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির সহ নানাবিধ সামাজিক কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করেন দলীয় কর্মী ও সমর্থকরা।
প্রথা মেনে এ বছরও বড়জোড়া হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় স্মারক বক্তৃতা। বিষয় ছিল— “আক্রান্ত সংবিধান, আমাদের দায়িত্ব”। অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণশক্তি পত্রিকার সম্পাদক শমীক লাহিড়ী।
সেখানে বক্তৃতা দিতে গিয়ে শমীক লাহিড়ী অভিযোগ করেন, “কেন্দ্রের বিজেপি সরকার সংবিধানকে বারবার লঙ্ঘন করছে, মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। পাশাপাশি রাজ্যের শাসকদলও সংবিধান ও গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে।” তিনি আরও বলেন, “বহুত্ববাদী ভারতের চরিত্র বদলে তাকে ধর্মীয় গেরুয়া আবরণে ঢাকার চেষ্টা চলছে। এ পরিস্থিতিতে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে শামিল হতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম, পার্টি নেতা অজিত প্রামাণিক সহ আরও বহু নেতৃত্ব। সঞ্চালকের দায়িত্বে ছিলেন জেলার প্রবীণ নেতা সুজয় চৌধুরী।
এদিন উপস্থিতির সংখ্যা ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি উত্তরবঙ্গের বন্যাদুর্গত মানুষের সহায়তায় ৫ হাজার টাকার অনুদান দেন প্রাক্তন সাংসদ সুনীল খাঁ।
গণআন্দোলনের পথিকৃৎ অশ্বিনী রাজের আদর্শ ও সংগ্রামের স্মরণে এই কর্মসূচি আবারও পরিপূর্ণ মর্যাদায় সম্পন্ন হল।







