ঘুমন্ত অবস্থায় কালাচের কামড়, আক্রান্ত মা ও মেয়ে
সেখ মইদুল আলি, নতুন পয়গাম, আমতা:
হাওড়ার আমতার উদং গ্রামে ঘুমন্ত অবস্থায় মারাত্মক বিষধর কালাচ সাপের কামড়ে আহত হলেন এক গৃহবধূ ও তাঁর স্কুলপড়ুয়া মেয়ে। শনিবার গভীর রাতে তক্তোপোষে শুয়ে থাকাকালীন মা-র ঘুম ভেঙে গেলে তিনি সাপ দেখতে পান এবং চিৎকার করে পরিবারের সদস্যদের ডাকেন। পরে দেখা যায় মেয়ে সুজাতাকেও সাপটি দংশন করেছে।
স্থানীয়দের সহায়তায় তাঁদের আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে উলুবেড়িয়া হাসপাতালে স্থানান্তর করা হয়। দু’জনেরই অ্যান্টিভেনম চিকিৎসা শুরু হয়। মা সুস্থ হলেও মেয়ে সুজাতাকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
খবর পেয়ে পরিবেশ কর্মী প্রদীপ রঞ্জন রীত ও বনদপ্তরের দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি খোঁজেন, তবে আর পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের পরামর্শ, কালাচের কামড়ে ব্যথা টের নাও পাওয়া যেতে পারে, তাই রাতে ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, শোবার আগে বিছানা দেখা ও মশারি ব্যবহার অত্যন্ত জরুরি। সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।







